ঢাকা-চট্টগ্রামে বাসে আগুন
লাগাতার অবরোধের ষষ্ঠ দিনে ঢাকা ও চট্টগ্রামে তিনটি বাস পোড়ানো হয়েছে। এছাড়া আগুন দেওয়া হয়েছে অন্তত চারটি গাড়িতে।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে।
বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা মো. ফরহাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাবালে নূর পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
রাত পৌনে ৮টায় আবদুল্লাহপুরে একটি বাসে আগুন দেওয়া হয়।
সন্ধ্যায় দক্ষিণ কমলাপুরে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হন এক লেগুনাচালক। অগ্নিদগ্ধ সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মতিঝিল থানার এসআই মো. আউয়াল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে লেগুনাটিও অনেকখানি পুড়ে যায়। সেলিমের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
রাত সাড়ে ৮টার দিকে শান্তিনগরের ইস্টার্ন প্লাস মার্কেটের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
গত ৫ জানুয়ারি খালেদা জিয়া অবরোধ ডাকার পর থেকেই বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ঘটছে। পুলিশ এজন্য অবরোধকারীদের দায়ী করলেও বিএনপির দাবি, সরকারই এই নাশকতা চালাচ্ছে।
অবরোধের পঞ্চম দিন শনিবার রাজধানীতে অন্তত ১০টি গাড়িতে আগুন দেওয়া হয়। আগের দিন পোড়ানো হয় ১০টি যানবাহন। বৃহস্পতিবার আগুন দেওয়া হয় তিনটি বাসে।
তার আগে মঙ্গলবার রাজধানীতে আগুন দেওয়া হয় ছয়টি গাড়িতে। বুধবার সারাদিন মোটামুটি শান্ত থাকলেও সন্ধ্যার পরপরই চারটি বাস পোড়ানো হয়।
বন্দর নগরীর চট্টগ্রামে রোববার রাত পৌনে ৮টার দিকে বাকলিয়া থানার তুলাতলি এলাকায় কক্সবাজার রুটের হানিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন বলেন, বাসে আগুনের ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনাস্থল থেকে নুরুল আবছার রনি (২৪) নামের একজনকে আটক করা হয়েছে।
এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার সামনে একটি টেম্পুতে আগুন দেয় দুর্বৃত্তরা।
সন্ধ্যার পর কোতোয়ালি থানার রিয়াজ উদ্দিন বাজার সংলগ্ন অংশে হাতবোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার শাহ মো. আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন-চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে কেউ আহত হয়নি।
“এসময় দুর্বৃত্তরা অটোরিকশায় আগুন দেওয়ার চেষ্টা করলে টহল পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।”
