আখেরি মোনাজাতে মঙ্গল কামনা
আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগতীরে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
ভারতের মাওলানা সাদের পরিচালনায় প্রথম দফা বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত হয়।
রোববার বেলা ১১টা ১৬ মিনিটে শুরু হয়ে মোনাজাত চলে ১১টা ৪৮ মিনিট পর্যন্ত।
ইজতেমা ময়দান ও এর আশপাশের সড়ক, অলি-গলি ও যানবাহনে বসে কয়েক লাখ মুসল্লি মোনাজাতে অংশ নেন।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গভবনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানে নিজের কার্যালয়ে টেলিভিশনের সামনে বসে সরাসরি সম্প্রচার দেখে মোনাজাতে অংশ নেন।
এর আগে ফজরের নামাজের পরই উর্দুতে হেদায়েতি বয়ান শুরু করেন মাওলানা সাদ।
তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা ওয়াসিফুল ইসলাম ও মাওলানা জুবায়ের। হেদায়েতি বয়ান শেষে আখেরি মোনাজাত শুরু হয়।
আখেরি মোনাজাতে অংশ নিতে বিএনপির লাগাতার অবরোধ আর শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লির আসেন তুরাগ তীরে।
ফজরের নামাজের পর থেকেই বিশেষ ট্রেন, বাসসহ বিভিন্নভাবে এসে ইজতেমা মাঠ ও তার আশপাশে অবস্থান নেন মুসল্লিরা।
টঙ্গীর পথে শনিবার মধ্যরাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে মোনাজাতে অংশ নিতে চার দিক থেকে মুসল্লিরা পায়ে হেটে ইজতেমাস্থলে পৌঁছান।
মাঠে পৌঁছাতে না পেরে হাজারো মানুষ কামাড়পাড়া সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফজরের নামাজ পড়েন এবং আখেরি মোনাজাতের জন্য খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা ও পলিথিন বিছিয়ে বসে পড়েন।
সকাল সাড়ে ৮টার মধ্যেই মুসল্লিদের ভিড় ইজতেমা মাঠের আশপাশের রাস্তা, অলিগলিতে ছড়িয়ে পড়ে।
এছাড়াও বাসা-বাড়ি-কলকারখানা-অফিস-দোকানের ছাদে, যানবাহনের ছাদে ও তুরাগ নদীতে নৌকায় মুসল্লিরা অবস্থান নেন।
এদিকে ইজতেমায় অংশ নিতে আসা আরো চার মুসল্লি মারা গেছেন।
এদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার রাত সোয়া ১১টায় মারা যান চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বুলারধারী এলাকার মকবুল হোসেন (৭৫)।
এছাড়া রোববার সকালে মারা গেছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার হরিচাদপুর এলাকার আব্দুস সোবাহান (৭০), হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে চিকিৎসকের বরাত দিয়ে জানান মমিন মিয়া।
এর আগে এবারের বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসে আরো ছয় জন মারা যান।
আগামী ১৬ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। ১৮ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ওই পর্বের বিশ্ব ইজতেমা শেষ হবে।
