বিচারপতির বাড়িতে আগুন: মামলায় আসামি ৩১
ফেনীতে বিচারপতি কাজী রেজা-উল হকের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ৩১ নেতার নামে মামলা হয়েছে, অজ্ঞাত আসামি করা হয়েছে অনেককে।
ফেনী মডেল থানায় বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম।
এ মামলায় ধলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বালুয়া চৌমুহনী এলাকায় কাজি বাড়ির পৈত্রিক বসতঘরে আগুন লাগে। আগুনে তাদের রান্নাঘরের কিছু অংশ পুড়ে যায়।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী রেজা-উল হকের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতের ৩১ নেতাকর্মীরা নাম উল্লেখ রয়েছে।
এরমধ্যে রয়েছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী, ছাত্রদলের একাংশের সভাপতি নঈম উল্লাহ বরাত, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুন, সেচ্ছাসেবক দলের সভাপতি কফিল উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান জুয়েল, ধলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন জসিম প্রমুখ।
এছাড়া ওই মামলায় অজ্ঞাত আরও অসংখ্য ব্যক্তিকে আসামি করা হয় বলেও তিনি জানান।
পরিদর্শক শাহীনুজ্জামান জানান, অগ্নিসংযোগের ঘটনায় বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন বালুয়া চৌমুহানী কিন্ডারগার্টেন এলাকা থেকে ধলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারীকে আটক করা হয়।
শুক্রবার তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
গ্রেপ্তার নিজাম উদ্দিন একই ইউনিয়নের রুহুল আমিনের ছেলে।
গত বুধবার হাই কোর্ট বিভাগের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষিধাজ্ঞা প্রদান করে।
এছাড়া জামায়াতের নিবন্ধন বাতিলের রায়, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাসহ বেশ কয়েকটি মামলার রিটের শুনানিও করেন বিচারপতি কাজী রেজা-উল হক।
