২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার অন্য বিচারপতির বাড়ির সামনে হাতবোমা

তারেক রহমানের বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হাই কোর্ট বেঞ্চের এক সদস্যের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার পর অপর সদস্যের ঢাকার বাসার সামনে হাতবোমা ফাটানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 08:19 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

পুরনো খবর:

বিচারপতি রেজা-উল হকের গ্রামের বাড়িতে আগুন

বিএনপির লাগাতার অবরোধের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ধানমন্ডির ৭ এর এ সড়কে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বাড়ির সামনে বোমাবাজির এ ঘটনা ঘটে।

এই ঘটনার পর বিচারপতিদের বাড়িতে নিরাপত্তা বাড়াতে পুলিশকে বলা হয়েছে বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কুদ্দুস জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার রেজাউল ইসলাম জানান, দুর্বৃত্তরা মোটর সাইকেলে করে এসে বাসার সামনে হাতবোমা ফাটিয়ে পালিয়ে যায়।

“এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ দুই রাউন্ড গুলি করে। তবে বোমা বা গুলিতে কেউ আহত হয়নি।”

বিচারপতি সাইফুর রহমানের বাড়ির একই সীমানা প্রাচীরের মধ্যে আরেকটি বাড়িতে থাকেন হাই কোর্টের আরেক বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর।

একটি রিট আবেদনের শুনানি করে হাই কোর্ট বুধবার বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য-বিবৃতি প্রচারে নিষেধাজ্ঞা দেয়।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ থেকে ওই আদেশ আসে।

আদেশে বলা হয়, আইনের দৃষ্টিতে তারেক যতদিন ‘পলাতক’ থাকবেন ততদিন তার কোনো বক্তব্য গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কোনো মাধ্যমেই প্রচার করা যাবে না।

এই বেঞ্চের জ্যেষ্ঠ সদস্য বিচারপতি কাজী রেজা-উল হকের ফেনীর বাড়িতে বৃহস্পতিবার ভোরের দিকে আগুন দেয় দুর্বৃত্তরা।

তার ভাতিজা রোমেল জানান, ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বালুয়া চৌমুহনী এলাকায় তার চাচার বাড়ির রান্নাঘরে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে টিনের চাল ও বেড়া পুড়ে যায়।

তবে কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

বিচারপতি কাজী রেজা-উল হক পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ফেনীতে তার গ্রামের বাড়ি দীর্ঘদিন ধরে তালাবন্ধ।

সর্বশেষ গত বছর মার্চ মাসে একটি বিয়ের দাওয়াতে অংশ নিতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন বলে জানান রোমেল।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক জানান, পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে। জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে।