বিচারপতি রেজা-উল হকের গ্রামের বাড়িতে আগুন
বিএনপি নেতা তারেক রহমানের বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হাই কোর্ট বেঞ্চের সদস্য বিচারপতি কাজী রেজা-উল হকের ফেনীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
তার ভাতিজা রোমেল জানান, বৃহস্পতিবার ভোরের দিকে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বালুয়া চৌমুহনী এলাকায় তার চাচার বাড়ির রান্নাঘরে কে বা কারা আগুন দেয়। তবে এতে কেউ আহত হননি।
একটি রিট আবেদনের শুনানি করে হাই কোর্ট বুধবার বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য-বিবৃতি প্রচারে নিষেধাজ্ঞা দেয়।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ থেকে ওই আদেশ আসে।
আদেশে বলা হয়, আইনের দৃষ্টিতে তারেক যতদিন ‘পলাতক’ থাকবেন ততদিন তার কোনো বক্তব্য গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কোনো মাধ্যমেই প্রচার করা যাবে না।
হাই কোর্টের যে বেঞ্চ ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করেছিল, বিচারপতি কাজী রেজা-উল হক সেই বেঞ্চেও ছিলেন।
তবে কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
সর্বশেষ গত বছর মার্চ মাসে একটি বিয়ের দাওয়াতে অংশ নিতে বিচারপতি রেজা-উল হক গ্রামের বাড়িতে এসেছিলেন বলে জানান রোমেল।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক জানান, পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে। জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে।
