২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রাজধানীর গুলশান টাওয়ারে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দোকানকর্মীরা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 08:11 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

নিহত সাবের হোসেন (৫০) চুরি করায় তাকে মারধর করা হয়েছে বলে দোকানকর্মীরা পুলিশকে জানিয়েছেন। তবে তার পরিবারের দাবি, পাওনা টাকা চাওয়ায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

বুধবার সকালে এই হত্যাকাণ্ডের পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন আমিনুর (৩০) ও মানিক (২৮)।

গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলশান টাওয়ারের নিচে সকাল ১০টার দিকে অরিজিনাল জেনারেল স্টোর নামের একটি ফোন ফ্যাক্সের দোকানের দুই কর্মচারী দলবল নিয়ে সাবেরকে পিটিয়ে মেরে ফেলে।

গুলশানের ১২ নম্বর সেকশনের ১০ নম্বর লেনের ডি ব্লকের ৪১ বাসায় স্ত্রী, চার মেয়ে, এক ছেলেকে নিয়ে থাকতেন সাবের। তিনি গুলশানের বিভিন্ন দোকানে স্টেশনারি সামগ্রী বিক্রি করতেন।

নিহতের স্ত্রী সুমি আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার স্বামী চোর ছিলেন না। যারা তার থেকে মাল নিত, মাঝে-মাঝে তারা টাকা দিতে চাইতো না। টাকা চাইলে মারধর করার হুমকি দিত।”

পাওনা টাকা চাওয়ায় সাবেরকে ‘চোর’ বলে পিটিয়ে মারা হয়েছে বলে দাবি করেন তার স্ত্রী।

ওসি বলেন, সুমি আক্তারের অভিযোগ সত্যি হতে পারে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এই ঘটনায় হত্যা মামলা করার পরিকল্পনা জানিয়েছেন সুমি।