ময়মনসিংহে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার
ময়মনসিংহের নান্দাইলে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে যৌতুকের দাবিতে হত্যা করা হয় বলে দাবি পরিবারের।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার চরভেলামারী গ্রামে পারুল আক্তারের লাশ পাওয়া যায়।
পারুল আক্তার ওই গ্রামের মাসুদ রানার স্ত্রী। এ ঘটনার পর থেকে মাসুদ রানা ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।
পারুলের ভাই ওমর ফারুকের অভিযোগ, বছরখানেক আগে মাসুদ রানার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় পারুলের। বিয়ের পর থেকে মাসুদ স্ত্রীকে নির্যাতন করে তার পরিবারের কাছ থেকে কয়েক দফা যৌতুক আদায় করেছে।
এ কারণেই পারুলকে হত্যা করা হয় বলে দাবি করেন তিনি।
নান্দাইল মডেল থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, বুধবার সকালে লাশ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি মামলা হয়েছে।
