‘আমাদের কথা দুই নেত্রী ভাবে না’
বিএনপির ডাকা অবরোধ-হরতাল ও গত কয়েকদিনের ‘অস্থিরতায়’ চরম ভোগান্তিতে থাকা শ্রমজীবীরা মনে করেন, দুই প্রধান রাজনৈতিক শক্তি জনগণের কষ্টের কথা বিবেচনা করে না।
৫ জানুয়ারির বর্ষপূর্তির দিনে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনার গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় থাকা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সোমবার সারাদেশে অবরোধের ডাক দেন।
এর আগে রোববার দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপদে পড়েন সাধারণ যাত্রীরা।
এর মধ্যেই সোমবারের সমাবেশে সংঘর্ষের পর নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার হরতাল করেছে চট্টগ্রাম বিএনপি।
রাজনৈতিক সংঘাতের এই চিত্র চট্টগ্রামের
সোমবার হরতাল-অবরোধ না থাকলেও সারাদিন জনসাধারণের মনে ছিল চাপা আতঙ্ক। এরপর বিকালে রণক্ষেত্রে পরিণত হয় বন্দর নগরীর কয়েকটি এলাকা।
সংঘর্ষ চলাকালে নগরীর লালখান বাজার মোড়ে বিএনপি-জামায়াত কর্মীদের ভাঙচুরের মধ্যে পড়েন প্রাইভেটকার চালক রফিকুল আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাজীর দেউড়িতে বিএনপি আর লালদীঘিতে আওয়ামী লীগের মিটিং ছিল জানতাম। তাই ঘুরপথে যাচ্ছিলাম। আমি গাড়িতে বসা অবস্থায় গাড়িটা ভাঙল। কেমন লাগে বলেন?”
মঙ্গলবার দুপুরে নগরীর প্রবেশপথ সিটি গেট রাস্তার মাথা এলাকায় গিয়ে দেখা যায় একে ট্রাভেল, এমএ ট্রাভেল, মামুন, শাওন ও টিআর ট্রাভেলসহ বিভিন্ন পরিবহনের প্রায় ৭০টি বাস দাঁড়িয়ে আছে।
সেখানে অলস বসে আছেন এসব বাসের প্রায় ২০০ জন চালক ও সহকারী। এসব গাড়ি চলে ঢাকা-চট্টগ্রামের পথে।
একটি বাসের সহকারী মো. রুবেল বলেন, তিন দিন হলো গাড়ি বসা। মালিক বলছে গণ্ডগোলে গাড়ি বের না করতে।
খালি পকেট দেখিয়ে রুবেল বলেন, দুই দিন হাতে থাকা টাকায় হোটেলে খেলাম। মোবাইল আর গাড়ির চাবি ছাড়া পকেটে এখন আর কিছু নেই। বাড়ি যাব সে গাড়ি ভাড়াও নেই। আবার গাড়ি ফেলেও যেতে পারছি না।
আরেক বাসের সহকারী মিজানুর রহমান বলেন, “তিনটা ছেলেমেয়ে স্কুল-কলেজে যেতে প্রতিদিন দেড়শ টাকা গাড়ি ভাড়া দিতে হয়। আজ ওরা স্কুলেও যায়নি। জানে আমি টাকা দিতে পারব না।
“এসব রাজনীতিতে আমাদের কী লাভ? দুই নেত্রী আমাদের কথা ভাবে না। ভাবলে মানুষের কষ্টের কথা চিন্তা করত।“
গাড়ি না পেয়ে দুর্ভোগের এই চিত্র ঢাকার
দূরপাল্লার বাসের এক চালক কফিল আহমদ বলেন, “ইজতেমার ভাড়া আছে। কিন্তু মালিক এখনও কিছু বলে নাই। মনে হয় যাওয়া হবে না। ভাড়া না থাকলে মালিক তো আর পকেট থেকে খোরাকি দিবে না।”
রাস্তার মাথা এলাকার হোটেল মালিক ইমরান হোসেন বলেন, বাস-ট্রাকের লোকজন দুই-তিন দিন বসা। সবাই বাকিতে খাচ্ছে। সোমবার বিকালে বাধ্য হয়ে দোকান বন্ধ রাখছি।
“সবাই পরিচিত, কত জনরে বাকি দিব? রাজনীতির একটা ফয়সালা না হলে গরিব মানুষের কোনো উপায় নাই।”
বাস চালক ও সহকারীদের আড্ডায় যোগ দেয়া পোশাক ফেরিওয়ালা নুর আহম্মদের কণ্ঠে ক্ষোভ ঝরে পড়ে- “আসলে সবাই আমাদের বেকুব ভাবে। হরতাল-অবরোধ হলে সব কাজ বন্ধ। মানুষের ইনকাম না থাকলে আমার বেচাও বন্ধ।
“নেতাদের তো টাকার অভাব নাই। জমানো টাকা দিয়ে চলতে পারে। আমরা যারা দিনমজুর তাদেরই যত কষ্ট।”
নগরীর জামালখান সড়কে বিকাল সাড়ে ৩টায় কথা হয় রিকশাচালক সাইফুলের সাথে। তিনি জানান, সকাল আটটা থেকে তিনশ টাকা আয় হয়েছে।
সাইফুল বলেন, “রিকশার জমা চারশ টাকা তারপর না আমার রুজি। এখনও তো জমাই উঠে নাই। যাত্রী কম। কালকে (সোমবার) বিকালে মারামারির ভয়ে গাড়ি চালাই নাই।
