ইয়াবাসহ দুই যুবদলকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে ৫০০ পিস ইয়াবাসহ দুই যুবদলকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় বাকলিয়া থানার বাইদ্যার টেক এলাকার মোজাহেরুল উলুম মাদ্রাসার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মানিক খান (৩৪) ও শওকত খান চৌধুরী (৩৪)।
তাদের মধ্যে মানিক চট্টগ্রামের সাবেক যুবদল নেতা ও তালিকভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোর্শেদ খানের ছোট ভাই ও শওকত তার চাচাত ভাই বলে জানান বাকিলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাইদ্যার টেক এলাকা থেকে মানিক ও শওকতকে আটক করে পুলিশ।
এসময় তাদের তল্লাশি করে মানিকের পকেট থেকে তিনশ ও শওকতের পকেটে দুইশ ইয়াবা পাওয়া যায়।
ওসি মহসিন জানান, মানিকের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, ডাকাতিসহ আটটি মামলা আছে।
বিকালে কাজীর দেউড়ি এলাকা থেকে বিএনপির সমাবেশে সংঘর্ষ শেষে তারা বাসায় ফিরছিলেন বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন।
