২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে আ. লীগের সড়ক অবরোধ

বেনাপোলে ‘প্রতিপক্ষের হামলায়’ আওয়ামী লীগের দুই নেতা আহত হওয়ার পর দুই ঘণ্টা সড়ক অবরোধ করেছে একটি পক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 10:07 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

রোববার বিকালে এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে ওইপক্ষটি দাবি করলেও অপরপক্ষ ও পুলিশ তা অস্বীকার করেছে।  

শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার দিকে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ধান্যখোলা গ্রামের ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বক্ত ও যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন।

বেনাপোলের দিঘিরপাড় পৌঁছলে দিঘিরপাড় ওয়ার্ডের পৌর কাউন্সিলর রাশেদ আলীসহ ৮/১০ জনের একটি দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে বক্ত ও জাহাঙ্গীর গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান।

এরপর রাশেদের লোকজন তাদের এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য রাশেদের লোকজনই আবার বেনাপোল বাজারে বিক্ষোভ মিছিল করে ও যশোর-বেনাপোল মহাসড়ক টায়ার জ্বালিয়ে ২ ঘণ্টা অবরোধ করে রাখে।

রাশেদ আলীর সহযোগী যুবলীগ নেতা সুকুমার দেবনাথ বলেন, বিকাল ৪টার দিকে রাশেদ তার লোকজন নিয়ে দিঘিরপড়ে অবস্থান করছিলেন।

এ সময় মোটরসাইকেলযোগে আসা দুই ব্যক্তি রাশেদকে লক্ষ্য করে গুলি করতে গেলে বেনাপোল থেকে যশোরগামী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তারা ছিটকে পড়েন।

পরে তাদেরকে জনগণ তাদের পিটুনি দিয়ে হাসপাতালে পাঠায়।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুজন আহত হয়েছেন।

তবে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তার জানা নেই বলে দাবি করেন।