নিরাপত্তা জোরদারে নেমেছে বিজিবি
নির্বাচনের বছরপূর্তিতে রাজনৈতিক উত্তেজনার মধ্যে রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করার পর নামানো হয়েছে বিজিবি।
৫ জানুয়ারি সোমবার আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।
পুলিশ সভা-সমাবেশ নিষিদ্ধ করলেও বিএনপি তা উপেক্ষা করেই সমাবেশ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
এরপর রোববার বিকাল থেকে রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে নয়টি গাড়ি পোড়ানো হয়েছে, বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটানো হয়েছে হাতবোমাও।
এর মধ্যেই ঢাকায় সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যদের মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সন্ধ্যার পর তাদের টহলেও দেখা যায়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীকে সহযোগিতার জন্য রোববার সন্ধ্যা ৬টা থেকে ঢাকায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।”
এর আগে সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভা-সমাবেশে নিষেধাজ্ঞার বিষয়টি জানায় ঢাকা মহানগর পুলিশ।
এতে বলা হয়, সোমবার ৫ জানুয়ারি পাল্টাপাল্টি সভা-সমাবেশের কর্মসূচি থাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিকাল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, জমায়েত নিষিদ্ধ থাকবে।
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজধানীতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে তারা সর্ব্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।
“যারা রাজনৈতিক কর্মসূচির নামে ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়বে, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেন, সাদা পোশাকেও তারা দায়িত্ব পালন করবেন সোমবার।
“যারা ফৌজদারি অপরাধ করবে, জনগণের জানমালের ক্ষতি করবে, বাসে আগুন দেবে, গাড়ি পোড়াবে, তাদের বিরুদ্ধে র্যাব সবসময়ের মতোই কাজ করে যাবে।”
গতবছর ৫ জানুয়ারি বিএনপি ও শরিকদের বর্জনে ব্যাপক সহিংসতার মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন হয়, যাতে নির্বাচিত হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ।
ক্ষমতাসীন দলটি এ বছর দিনটি ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’এবং বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসাবে পালনের জন্য ঢাকায় কর্মসূচি দিরে তৈরি হয় উত্তেজনা।
এরই মধ্যে শনিবার রাতে নয়া পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে তল্লাশি চালিয়ে সেখানে তালা লাগিয়ে দেয় পুলিশ। ‘হঠাৎ অসুস্থ’ হয়ে পড়া বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে বিএনপি অফিস থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশান কার্যালয় থেকে নয়া পল্টনে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন। পরে তাকে অফিসেই রাত কাটাতে হয়।
বিপুল সংখ্যক পুলিশ তার ওই কার্যালয় ঘিরে রেখেছে। বাইরে থেকে বিএনপির বেশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে।
বিএনপি কার্যালয়ে পুলিশের তালা নেই দাবি করে মনিরুল বলেন, “এটা পুলিশের কাজ না। তারাই নিজেদের কার্যালয়ে তালা দিয়েছে। চাবিটিও তাদের কাছে রয়েছে।”
রোববার বিকালে বিএনপির কার্যালয়ে গিয়ে মূল ফটকে তালা দেখা যায়। সেখানে রাস্তার দুই পাশে রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।
কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার পর রোববার রাত থেকে রাজধানীর পথে যানচলাচল ও লোকসমাগম অন্যান্য দিনের চেয়ে কম।
মগবাজার এলাকায় মোটর সাইকেল আরোহী একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাব্বী রহমান বলেন, “দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে দেশের মানুষ আতঙ্কে আছে। দুই দলের বিরোধ মানুষকে জিম্মি করে ফেলছে। সাধারণ নাগরিক হিসেবে আমরা এই দেশে নিরাপদে জীবন যাপনের নিশ্চয়তা চাই।”
