ফরিদপুরে বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু
ফরিদপুরের নগরকান্দায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাসচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত জুবায়েদ শেখ (৭) উপজেলার শ্রীংগাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। সে বাসাগাড়ী গ্রামের রচমত শেখের ছেলে।
শনিবার সকালে উপজেলার বাসাগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক থানার ওসি হোসেন সরকার জানান।
তিনি বলেন, “রাস্তা পার হওয়ার সময় ফরিদপুর থেকে টেকেরহাটগামী দিশারী পরিবহনের একটি বাস জুবায়েদকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।”
মহাসড়ক পুলিশ কর্মকর্তা বলেন, জুবায়েদের মৃত্যুর পর বিক্ষুধ্ব স্কুলছাত্রসহ স্থানীয়রা দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ব্যস্ত সড়কের দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে।
পরে স্থানীয় প্রশাসন ওই স্থানে একটি গতিরোধক করার প্রতিশ্রুতি দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
