মাদারীপুরে রগ কেটে দেওয়া ব্যক্তির মৃত্যু
মাদারীপুরের শিবচরে হত্যাকাণ্ড দেখা এক ব্যক্তির পায়ের রগ কেটে দেওয়ায় তারও মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে মৃত আব্বাস সরদার (৩৭) শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকার প্রয়াত মজিদ সরদারের ছেলে।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের মিয়া জানান, বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বৃহস্পতিবার সন্ধ্যায় একই এলাকার মিলন হাওলাদার নামে এক যুবককে কুপিয়ে হত্যার দৃশ্য দেখে ফেলায় হত্যাকারীরা আব্বাসের পায়ের রগ কেটে পালিয়ে যায়।
নিহতের স্বজনদের বরাত দিয়ে আবুল খায়ের মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁচামারা বাজারের একটি দোকানে বসে চা পান করছিলেন মিলন হাওলাদার।
এ সময় তাদের প্রতিপক্ষের দিদার শিকদার, শিশু শেখ, ঠান্ডু বেপারিসহ ৮/১০ জনের একটি দল কথা আছে বলে মিলনকে পাশের একটি ক্ষেতে ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে তারা মিলনকে উপুর্যপরি কুপিয়ে রেখে ফেলে যায়।
ঘটনাটি দেখতে পেয়ে মিলনের আত্মীয় আব্বাস সরদার এগিয়ে গেলে সন্ত্রাসীরা তার পায়ের রগ কেটে দেয়। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা মিলনকে উদ্ধার করে শিবচর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ওসি আবদুস সাত্তার মিয়া জানান, মিলনের পরিবারের দাবি- পূর্ব শত্রুতার জেরে দিদার শিকদার, শিশু শেখ, ঠান্ডু বেপারিসহ ৮/১০ জনের ওই দল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এ জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে ওসি জানান।
