সিএনজি চালককে হত্যা, অন্যের রগ কর্তন
পূর্ব বিরোধের জেরে মাদারীপুরের শিবচর উপজেলায় এক সিএনজি চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
ওই ঘটনা দেখে ফেলায় আরেকজনের পায়ের রগ কেটে দিয়েছে তারা। তবে, কী নিয়ে তাদের বিরোধ তা পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা বাজারে এ হামলা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
নিহত মিলন হাওলাদার (২৮) স্থানীয় প্রয়াত আদেল হাওলাদারের ছেলে।
আহত আব্বাস সরদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
নিহতের স্বজনদের বরাত দিয়ে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের মিয়া জানান, সন্ধ্যায় বাঁচামারা বাজারের একটি দোকানে বসে চা পান করছিলেন মিলন হাওলাদার।
এ সময় তাদের প্রতিপক্ষের দিদার শিকদার, শিশু শেখ, ঠান্ডু বেপারিসহ ৮/১০ জনের একটি দল কথা আছে বলে মিলনকে পাশের একটি ক্ষেতে ডেকে নিয়ে যায়।
সেখানে নিয়ে তারা মিলনকে উপুর্যপরি কুপিয়ে রেখে ফেলে যায়।
ঘটনাটি দেখতে পেয়ে মিরনের আত্মীয় আব্বাস সরদার এগিয়ে গেলে সন্ত্রাসীরা তার পায়ের রগ কেটে দেয়।
পরিদর্শক আবুল খায়ের আরও জানান, পরিবারের সদস্যরা ও স্থানীয়রা মিলনকে উদ্ধার করে শিবচর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ওসি আবদুস সাত্তার মিয়া জানান, মিলনের পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
