নতুন বছরে বড় পরীক্ষার সামনে বিরোধী নেতৃত্ব
নতুন বছরের শুরুর দিনেই হরতাল বাকি দিনগুলোতে রাজনৈতিক উত্তাপের আভাস দিলেও বিরোধী শক্তি সরকারের দৃশ্যমান অটল আত্মবিশ্বাস কতটুকু টলাতে পারবে তা নিয়ে দ্বিধা আছে অনেকেরই।
সরকারের প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিএনপি আন্দোলনে এক পা এগিয়ে দুই পা পেছানোর প্রবণতা দেখানোয় নতুন বছরে তাদের নির্বাচন আদায় করার আন্দোলন কতখানি আশার মুখ দেখবে, তা নিয়ে সন্দেহ থাকছেই।
কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবর সত্য হলে সরকারের কৌশল সামলানোর পাশাপাশি দলে ভাঙনও সামলাতে হবে বিএনপিকে; মোকাবেলা করতে হচ্ছে দলের প্রধান নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির মামলাও।
তাদের প্রধান মিত্র জামায়াতে ইসলামীর ঘাড়ের ওপর ঝুলছে নিষিদ্ধ হবার আইনি খড়গ। যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত দলের শীর্ষ নেতাদের ফাঁসির রায় কার্যকর হলে দলটি নেতৃত্বশূন্যতা মোকাবিলা কিভাবে করে, তা নিয়েও কৌতূহল রয়েছে পর্যবেক্ষকদের মধ্যে।
বিরোধী দলের আন্দোলন মোকাবেলা করে টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া শেখ হাসিনা টইটম্বুর আত্মবিশ্বাস নিয়েই বলেছেন, যুদ্ধাপরাধী সবার শাস্তি কার্যকর করবেন।
যার অর্থ দাঁড়ায়, বিএনপির জোটসঙ্গী জামায়াতের সামনে বড় বিপদ। সেইসঙ্গে হাই কোর্টের রায় অনুযায়ী নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো তো রয়েছেই; যদিও নির্বাচনে লড়তে তাদের আইনি লড়াই চূড়ান্তভাবে শেষ হয়নি এখনও।
দেশের অন্য সব কার্যক্রম যে কেন্দ্রবিন্দুকে ধরে আবর্তিত হয়, সেই রাজনীতির দিকে দৃষ্টি থাকে সবার। কেননা, রাজনীতিতে স্থিতি না থাকলে অর্থনৈতিক উন্নয়ন যেমন বাধাগ্রস্ত হয়, তেমনি সহিংসতা জনগণের জীবনও যে কতটা অনিরাপদ করে তোলে, ২০১৩ সালই তার উদাহরণ।
সহিংসতাময় বছর পেরিয়ে ২০১৪ সালে শঙ্কার মধ্যেই অনুষ্ঠিত হয় দশম সংসদ নির্বাচন। তবে নির্বাচন হয়ে যাওয়ার পর আপাত শান্তি নেমে রাজনৈতিক অঙ্গনে। তবে দুই প্রধান রাজনৈতিক শক্তির একটির অনুপস্থিতিতে এই নির্বাচনের পর অনিশ্চয়তা যে কাটেনি পুরোপুরি, তা প্রতিফলন দেখা যায় অর্থনীতিতে।
২০১৪ সালজুড়েই প্রায় শান্ত রাজনৈতিক অঙ্গনে শেষ দিকে এসে বিএনপির আন্দোলনের ঘোষণা কিছুটা উত্তাপ তৈরি করেছে, যদিও তাদের আন্দোলনের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে আসছেন ক্ষমতাসীন দলের নেতারা।
তবে বছরের শেষ দিনে আকস্মিক এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তার দল সুসংগঠিত এবং আন্দোলনের জন্য প্রস্তুত।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের আওয়াজ তুলে ৭ দফা প্রস্তাব হাজির করেছেন তিনি। বলেছেন, এই সরকারকে এক বছর সময় দেওয়া হয়েছে, এখন আন্দোলনের বিকল্প নেই।
তবে বিরোধী দলের আন্দোলনের হুমকি যে ক্ষমতাসীনরা কেয়ার করছে না, তা বিভিন্ন সময় মন্ত্রীদের কথায় স্পষ্ট। আগামী পাঁচ বছর আগে কোনো নির্বাচন হবে না বলে জোরেশোরেই বলছেন তারা।
তারপর নতুন বছরের বাণীতে প্রধানমন্ত্রীর অবস্থানও বেশ কঠোর- বিএনপি স্বাধীনতাবিরোধী জামায়াতকে সাথে নিয়ে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়। জনগণ তাদের আর ওই সুযোগ দেবে না।
নির্বাচিত ব্যক্তিদের অধীনেই দেশ পরিচালনা এবং নির্বাচন- তার এই ঘোষণা বিএনপির জন্য স্পষ্টতই হতাশার।
৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে ব্যর্থ হওয়ার পর মামলার জাল ছাড়িয়ে দলটি নতুন করে আন্দোলনের কর্মসূচি কিভাবে সাজাবে, তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন।
বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মামলার বিচার ইতোমধ্যে শুরু হয়েছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে রয়েছে অর্ধ শতাধিক মামলা।
বিএনপির হিসাব অনুযায়ী, বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ১৪ হাজার মামলা হয়েছে। এর আসামির সংখ্যা সাড়ে ৫ লাখ।
এসব মামলার বেড়াজালের পাশাপাশি জোট টিকিয়ে রাখতেও সমস্যায় পড়তে হচ্ছে বিএনপিকে। দুটি দল ইতোমধ্যে বিদায় নিয়েছে, এর পেছনে সরকারের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি বিএনপি নেতাদের।
নতুন বছরের শুভেচ্ছা বাণীতে খালেদা জিয়া ‘নতুন উদ্যমে’ এগিয়ে যাওয়ার কথা বললেও কতটা সফল হবেন, তা সময়ই বলে দেবে।
