২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবার শাস্তি কার্যকর করব: প্রধানমন্ত্রী

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে জাতিকে অভিশাপমুক্ত করতে সব যুদ্ধাপরাধীর বিচার ও শাস্তি কার্যকরের প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 11:29 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

ইংরেজি নববর্ষ উপলক্ষে বুধবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, “বিএনপি-জামাতের সকল বাধা ও ষড়যন্ত্র ছিন্ন করে যুদ্ধাপরাধীদের বিচার চলছে। ইতোমধ্যেই যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর শুরু হয়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“আমরা জাতির প্রত্যাশা অনুযায়ী সকল যুদ্ধাপরাধীকে বিচারের আওতায় আনব এবং শাস্তি কার্যকর করব। এর মধ্য দিয়ে বাঙালি জাতি অভিশাপমুক্ত হবে।”

প্রধানমন্ত্রী তার বাণীতে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “নতুন বছর আমাদের সবার জীবনে অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তি বয়ে আনুক। মহান আল্লাহতায়ালার কাছে এই প্রার্থনা করি।”

মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

বিদায়ী বছর সম্পর্কে শেখ হাসিনা বলেন, “দেশের সামগ্রিক উন্নয়ন, সংবিধান ও গণতান্ত্রিক ধারা রক্ষা এবং জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার ক্ষেত্রে ২০১৪ সাল বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল বছর। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে গত বছর ছিল বাংলাদেশের জন্য সাফল্যময় বছর।”

তিনি বলেন, “৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করেছি। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের সুযোগ বন্ধ করেছি। নির্বাচিত ব্যক্তিরাই দেশ পরিচালনা করবে - এ পদ্ধতি নিশ্চিত করেছি।”

‘জামায়াত-শিবির নিয়ন্ত্রিত’ বিএনপি গণতন্ত্র চায় না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “এজন্য তারা অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখল করতে চায়। স্বাধীনতাবিরোধী জামাতকে সাথে নিয়ে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়। জনগণ তাদের আর ওই সুযোগ দেবে না। এই অপশক্তি প্রতিরোধ করতে জনগণকে আজ ঐক্যবদ্ধ হতে হবে।”

বাণীতে তাকে গ্লোবাল সাউথ সাউথ ডেভেলপমেন্ট এক্সপো কর্তৃক ভিশনারি অ্যাওয়ার্ড প্রদান, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির চেয়ারপার্সন, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং হিউম্যান রাইটস কাউন্সিল ও ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের নির্বাচনে বিজয়ী হওয়ার বিষয়টি উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিশ্বমন্দা সত্ত্বেও গত বছর সামষ্টিক অর্থনীতির প্রতিটি সূচক ইতিবাচক ছিল। ছয় শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও রপ্তানিতে ভাল প্রবৃদ্ধি হয়েছে। প্রায় ১৫ দশমিক ৩ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে।

“ গত ৬ বছরে ৫ কোটির বেশি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে। মাথাপিছু আয় ১২০০ ডলারে উন্নীত হয়েছে। সরকারি-বেসরকারি খাতে প্রায় এক কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ অনেক এগিয়েছে।  বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১৩ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রাকে একটি বিশাল অর্জন বলে আখ্যায়িত করেছে।”