নেশার টাকা না পেয়ে ছেলেকে খুন
রংপুরের বদরগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
বুধবার রাত ৮টায় রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনায় বাবা আমিনুল ইসলামের (৪৫) হাতে খুন হন ছেলে আবু রায়হান(২২) বলে পুলিশ জানিয়েছে।
আমিনুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত রায়হানের মায়ের বরাত দিয়ে বদরগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) আব্দুল লতিফ বলেন, “দিনমজুর আমিনুল নেশায় আসক্ত। সপ্তাহে একদিন কাজ করেন তো, ছয়দিনই বাড়িতে বসে থাকে। ছেলে আবু রায়হান রাজধানীতে একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। নবজাতক সন্তানকে দেখার জন্য মঙ্গলবার রাতে বাড়িতে আসেন রায়হান।
“সন্ধ্যা থেকে নেশার জন্য ছেলের কাছে কয়েকবার টাকা চান আমিনুল। রায়হান টাকা দিতে অস্বীকৃতি জানালে ৮টার দিকে আবারো টাকা চেয়ে না পেয়ে ঘর থেকে দা নিয়ে এসে রায়হানের গলায় কোপ মারেন। ঘটনাস্থলেই মারা যান রায়হান।”
ঘটনার পর বাড়ির পাশ থেকেই আমিনুলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আব্দুল লতিফ।
ময়না তদন্তের জন্য রায়হানের লাশ থানায় রাখা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, “বাদী কে হবেন সে বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত না হওয়ায় মামলা দায়েরে বিলম্ব হচ্ছে।”
