জাহাঙ্গীরনগরে পঞ্চম সমাবর্তন ৩১ জানুয়ারি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন হবে আগামী ৩১ জানুয়ারি।
সোমবার বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমাবর্তনে অংশ নিতে আগামী ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিবন্ধন অফিসে সকাল ৮টা থেকে বেলা ২টার মধ্যে আবেদন জমা দেওয়া যাবে।
৩১ ডিসেম্বরের মধ্যে যেসব শিক্ষার্থীর স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি ডিগ্রির ফল প্রকাশিত হয়েছে, শুধু তারাই পঞ্চম সমাবর্তনে অংশ নিতে পারবেন।
সমাবর্তনে অংশগ্রহণের জন্য স্নাতক ও স্নাতকোত্তরে পৃথকভাবে ১৫শ টাকা, স্নাতক ও স্নাতকোত্তর একসঙ্গে ২৫শ টাকা, এমফিল ২৫শ টাকা এবং পিএইচডি জন্য তিন হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
তবে, ২০১২ সালে যেসব গ্রাজুয়েট সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ওই বছরে সমাবর্তন আয়োজনের কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। এর আগে ২০১০ সালের জানুয়ারিতে চতুর্থ সমাবর্তন হয়।
সমাবর্তন বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu) পাওয়া যাবে।
