২০১৪: ঝুলে থাকা ৩ বড় প্রকল্পে গতি
রাজনৈতিক অস্থিরতাসহ নানা বাধায় অনেকদিন ধরেই ঝুলে ছিল দেশের যোগাযোগ খাতের বড় কয়েকটি প্রকল্প। বাধাবিপত্তি পেরিয়ে অবশেষে চলতি বছর এসব প্রকল্পের কয়েকটি আলোর মুখ দেখেছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে আলোচিত পদ্মা সেতু।
এবছরই শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের ‘ফিজিক্যাল ওয়ার্ক’। চলছে মেট্রোরেল নির্মাণের দরপত্র আহ্বানের প্রক্রিয়া।তবে এসব মেগা প্রকল্পের সুফল পেতে দেশের মানুষকে অপেক্ষা করতে হবে আরও কয়েক বছর।
দৃশ্যমান পদ্মাসেতুর কাজ
আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার প্রথম দফায় ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সময় আলোচিত হয়েছে পদ্মা সেতু প্রকল্প।
পদ্মা সেতু নির্মাণে ২০১১ সালে বিশ্ব ব্যাংকের সঙ্গে ১২০ কোটি ডলারের ঋণ চুক্তি হলেও পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠার পর বিষয়টি ঝুলে যায়।
দীর্ঘ টানাপোড়েন শেষে ২০১৩ সালের জানুয়ারিতে দেশের সবচেয়ে বড় এ অবকাঠামো প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থ না নেওয়ার কথা জানায় সরকার। সে সময় এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ২৯১ কোটি ডলার।
বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি বাতিলের পর নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়।
সেতুটি নির্মাণ ও নদী শাসনে এ বছরই দুটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে সরকার। ১২ হাজার ১৩২ কোটি টাকায় সেতুর মূল কাঠামো এবং নদী শাসনে মোট ব্যয় হবে ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
জয়েন্ট ভেঞ্চার অফ কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন বাংলাদেশের দীর্ঘতম এই সেতুর নির্মাণ কাজ তদারক করবে।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে প্রকল্প এলাকায়। সরকার আশা করছে, ২০১৮ সালের মধ্যেই সেতুর কাজ শেষ হবে।
পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইতিমধ্যে প্রকল্পের শতকরা ১৪ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরের মধ্যে এ প্রকল্পের শতকরা ৩০ শতাংশ কাজ শেষ হবে বলে আশা করি।”
মেট্রোরেল
গত এপ্রিলে ভূমি অধিগ্রহণ বিশেষ বিধান রেখে ব্যবস্থাপনা ও পরিচালনা সংক্রান্ত আইনের খসড়ায় (মেট্রোরেল আইন ২০১৪) মন্ত্রিসভায় অনুমোদনের পরই দৃশ্যত আলোচিত মেট্রোরেল প্রকল্পের কাজে গতি আসে।
আইনটি অনুমোদনের পাঁচ মাসের মাথায় সেপ্টেম্বরে মেট্রোরেলের ‘এলাইনমেন্ট’ ও ১৬টি স্টেশনের নকশা চূড়ান্ত হওয়ার কথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আগামী জুলাই মাসে প্রকল্পের পূর্ণাঙ্গ নকশা চূড়ান্ত হবে।
তবে মন্ত্রিসভায় আইনের অনুমোদন দেওয়ার দিনই সড়ক পরিবহনমন্ত্রী ডিসেম্বরে এই প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করার কথা বললেও এখনো তা হয়নি।
প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল স্থাপনে ৬টি প্যাকেজে নতুন বছরে পর্যায়ক্রমে মোট ৮টি দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে।
প্রকল্প পরিচালক মো. মোফাজ্জেল হোসেন জানান, বছরের শুরুতেই দরপত্র আহ্বানের কাজ শুরু হবে। দরপত্র প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই মেট্রোরেল স্থাপনে কাজ শুরু হবে।
প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রায় ২২ হাজার কোটি টাকার মধ্যে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকাই দেবে জাইকা। বাকি ৫ হাজার ৩৯০ কোটি টাকা জোগাবে সরকার।
তবে মেট্রোরেলে চড়তে হলে রাজধানীবাসীকে অপেক্ষা করতে হবে আরো চার বছর।
মেট্রোরেলের ১৬টি স্টেশন হবে- উত্তরা (উত্তর), উত্তরা (সেন্টার), উত্তরা (দক্ষিণ), পল্লবী, মিরপুর-১১ ও মিরপুর-১০ নম্বর, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেইট, সোনারগাঁও, জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, জাতীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ব্যাংক এলাকায়।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
ঢাকায় আলোচিত উড়াল সড়কের (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণকাজ শুরুর সময় কয়েক দফা পেছানোর পর অবশেষে অক্টোবরের শেষ দিকে এর নির্মাণকাজ শুরুর ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২০১৭ সালে মানুষ এই উড়াল সড়কের সুবিধা ভোগ করতে পারবে বলেও সে সময় আশা প্রকাশ করেন মন্ত্রী।
৪৬ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এই উড়ালপথ নির্মাণে ব্যয় হবে প্রায় ১২ হাজার কোটি টাকা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দর থেকে কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এ পথ নির্মাণ হবে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ১০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক কাজী মোহাম্মদ ফেরদৌস।
আগামী বছরের মধ্যে ৩০ শতাংশ কাজ শেষ হওয়ার আশা প্রকাশ করেন তিনি।
