এবার ফাঁসি কার্যকরের দাবিতে কর্মসূচি
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ জানালেও একই অপরাধে কামারুজ্জামানের ফাঁসির রায কার্যকরের দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতি শুক্রবার শাহবাগে প্রজন্ম চত্বরে অবস্থানের ঘোষণা দিয়েছে তারা।
মঙ্গলবার দুপুরে আজহারের রায় ঘোষণার পর শাহবাগে সমবেত গণজাগরণ মঞ্চের কর্মীরা উল্লাস প্রকাশ করেন।
পরে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করেন তারা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে আবার শাহবাগে শেষ হয়।
জাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “মানবতাবিরোধী অপরাধে এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ে আমরা খুশি হয়েছি। জনমানুষের যে আকাঙ্ক্ষা ছিল এই রায় তা পূরণ করেছে।”
তবে যুদ্ধাপরাধী কামারুজ্জামানের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকার পর প্রায় দুই মাস হতে চললেও রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ইমরান।
তিনি বলেন, “এই রায় কার্যকর নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। নানা ধরনের অজুহাত দেখিয়ে কালক্ষেপণ করা হচ্ছে।
“আমরা মনে করি, কামারুজ্জামানের রায় কার্যকর করাকে ঝুলিয়ে রাখা হয়নি, ঝুলিয়ে রাখা হয়েছে ন্যায় বিচারকে। এই ন্যায় বিচারের প্রত্যাশা নিয়ে সাধারণ মানুষ ৪৩ বছের ধরে অপেক্ষা করে আছে।”
একাত্তরে হত্যা, গণহত্যা ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ৫ মে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেয় ট্রাইব্যুনাল।
এ রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের আপিলে ২০১৪ সালের ৩ নভেম্বর মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। এখন পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেলে কামারুজ্জামান রায় পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন।
তিনি বলেন, যুদ্ধাপরাধী কামারুজ্জামানের রায় কার্যকরের দাবিতে প্রতি শুক্রবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শাহবাগে অবস্থান করবেন তারা।
আর সপ্তাহের বাকি দিনগুলোতে এই দাবির পক্ষে জনমত তৈরিতে জনসংযোগ কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় না হওয়ার ক্ষুব্ধ প্রতিক্রিয়া থেকে গত বছরের ৫ ফেব্রুয়ারি গণজাগরণ আন্দোলনের সূচনা হয়।
যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে লাখো মানুষের সমাবেশ ঘটেছিল সে সময়। ছাত্র-জনতার সেই আন্দোলনের মুখে আইন সংশোধন করায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের পাশাপাশি প্রসিকিউশনেরও আপিলের সুযোগ আসে।
আপিলের রায়ে মৃত্যুদণ্ড পাওয়া কাদের মোল্লার দণ্ড কার্যকর হয় গত বছর ডিসেম্বরে।
