হরতালের আগুনে জ্বলছেন অয়ন
বিএনপি জোটের ডাকা হরতালের আগের দিন রাজধানীর কাজীপাড়ায় অটোরিকশায় দেওয়া আগুনে দগ্ধ বিশ্ববিদ্যালয় ছাত্র তানজিমুল হক অয়নের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
২২ বছর বয়সী অয়নের দেহের ১০ শতাংশ পুড়লেও তার মুখমণ্ডল ও শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।
“আগুনে যাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়, তাদেরকে আমরা গুরুতর বলে থাকি। তাই অয়নের অবস্থা আশঙ্কামুক্ত নয়,” বলেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল।
রোববার রাতে অয়নের সঙ্গে তার মা শামছুন্নাহার (৫৫) ও বোন সালমা আক্তার আনিকাও (১৮) দগ্ধ হন। শামছুন্নাহারের দেহের ৫ শতাংশ এবং আনিকার ডান কানের কিছু অংশ পুড়েছে।
রাজনৈতিক সংঘাতে গত বছরজুড়ে এই ধরনের ঘটনায় অনেকে হতাহত হলেও এই বছরের শুরু থেকে পরিস্থিতি ছিল অনেকটাই শান্ত।
বছরের শেষ দিকে এসে রাজনীতিতে নতুন করে উত্তাপ দেখা দেওয়ায় নতুন করে সহিংসতার আশঙ্কা করা হচ্ছিল। এর মধ্যেই হরতালের আগের দিন কয়েকটি ঘটনার মধ্যে একটিতে অগ্নিদগ্ধ হয় অয়ন।
তার বন্ধু ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অয়ন থাকেন রফিক-জব্বার হলে।
তানজিমুল হক অয়ন
অয়নদের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। এইচএসসি পরীক্ষার্থী আনিকার চিকিৎসার জন্য তাকে নিয়ে শামছুন্নাহার ঢাকায় এসেছিলেন রোববার ভোরেই।
অয়ন তার মা ও বোনকে ভোরে সদরঘাট থেকে মিরপুর ১১ নম্বর সেকশনে মামা গোলাম সারোয়ারের বাসায় নিয়ে যান। সেখান থেকে বিকালে তারা শান্তিনগরে গিয়েছিলেন আনিকার চিকিৎসকের কাছে।
অয়নের আরেক মামা পায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “বেশ কয়েকদিন ধরে আনিকার মাথা ঘুরত। সেজন্য তাকে ডাক্তার দেখাতে এসেছিল আপা।”
শান্তিনগরে গেলেও চিকিৎসককে না পেয়ে সন্ধ্যার পর একটি সিএনজি অটোরিকশা নিয়ে ফিরছিলেন অয়ন, তার মা ও বোন।
হরতালের আগের দিন শেষ বেলায় তার আগেই পল্টনে একটি বাসে আগুন দেওয়া হয়, কয়েকটি স্থানে ঘটছিল হাতবোমা বিস্ফোরণও।
হাসপাতালে আনিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাজীপাড়ায় তাদের অটোরিকশাটি যানজটে আটকে ছিল। তখন কয়েকজন যুবক এসে প্রথমে ঢিল মারে, পরে গাড়ির পেছনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
“তখন নামতে নামতেই আমাদের সিএনজির পেছনের ওপর অংশ পুড়ে যায়। কিভাবে বের হয়েছি, বলতে পারব না।”
স্থানীয়রা এই পরিবারটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ঘটনার পর অটোরিকশাচালক তার গাড়িটি নিয়ে চলে যাওয়ায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন মিরপুর থানার এসআই তানভির আহমেদ।
দুই ভাই, এক বোনের মধ্যে অয়ন মেজ। বড় ভাই মানছুরুল হক অমি চট্টগ্রামে এক্সিম ব্যাংকে চাকরি করেন। বাবা মো. জাবেদ হাতিয়াতেই থাকেন।
নয়া পল্টনে এই বাস পোড়ানোর কয়েক ঘণ্টার মধ্যে কাজীপাড়ায় আগুন দেওয়া হয় অয়নদের অটোরিকশায়।
এই ঘটনায় একটি মামলা হলেও জড়িত কাউকে সনাক্ত কিংবা গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা তানভির।
হরতালের আগের দিন শেষভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও শহীদ মিনার এলাকায় বিস্ফোরিত হাতবোমার স্প্লিন্টারে হারুন উর রশিদ ও সাথী আক্তার নামে দুজন আহত হন।
গাড়িতে আগুন ও হাতবোমা বিস্ফোরণের এসব ঘটনার জন্য হরতালকারী বিএনপি জোটকে দায়ী করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা।
অন্যদিকে বিএনপি দাবি করেছে, সরকারের লোকজন এসব ঘটনা ঘটিয়ে তাদের ওপর দোষ চাপাচ্ছে।
গত বছরজুড়ে নিরীহ মানুষের এই ধরনের ভোগান্তির জন্য দুই প্রধান দলের নেতারা পাল্টাপাল্টি দোষারোপ করেই গেছেন। এক বছরেও এসব অপরাধের কোনোটির জন্য কাউকে কোনো সাজা পেতে হয়নি।
