পেট্রোল বোমায় দগ্ধ ওহিদুরও বাঁচল না
বিরোধীদলীয় জোটের প্রথম দফা অবরোধে রাজধানীর শাহবাগে পেট্রোল বোমায় দগ্ধ ঢাকা কলেজের ছাত্র ওহিদুর রহমান বাবু ছয়দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মারা ২২ বছর বয়সী ওহিদুরের মৃত্যু হয়।
এ নিয়ে বিরোধী দলের হরতাল-অবরোধের মধ্যে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলে আসা ১১ জনের মৃত্যু হলো।
গত ২৮ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বিহঙ্গ পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে পুলিশ, সাংবাদিক, আইনজীবী, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, গৃহবধূ, ছাত্রসহ নানা পেশার ১৮ জন দগ্ধ হন।
ঘটনার রাতেই মারা যান মাদারীপুর শিবচরের স্কুলছাত্র নাহিদ মোড়ল (১৮)। পরদিন তার ফুফাতো ভাই পোশাক শ্রমিক মো. রবিনও (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ নিয়ে শাহবাগের ঘটনাতেই মোট তিনজনের মৃত্যু হলো বলে পরিদর্শক মোজাম্মেল জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, ওহিদুরের শরীরের ২৮ শতাংশ পুড়ে গিয়েছিল।
শাহবাগের ওই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে, যাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের আসামি করেছে পুলিশ।
ওহিদুর ঢাকা কলেজের রাষ্ট্র বিজ্ঞানের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি নোয়াখালীতে, ঢাকায় থাকতেন পুরান ঢাকার আগামাসি লেইনে।
ওহিদুরের বাবা গণপূর্ত অধিদপ্তরের সাবেক কর্মী হাজি ওয়াজিউল্লাহ (৮০) গত তিন বছর ধরে নিখোঁজ বলে তার চাচা মিজানুর রহমান জানান।
