বাঁচল না শাহবাগে বোমায় দগ্ধ মাসুমাও
বিরোধী দলের অবরোধের মধ্যে রাজধানীর শাহবাগে পেট্রোলবোমায় দগ্ধ আরেক বাসযাত্রীর মৃত্যু হয়েছে।
ঘটনার ১৪ দিন পর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান রূপালি ব্যাংকের কর্মকর্তা মাসুমা আক্তার।
তার স্বামী মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি মাসুমাকে এলিফেন্ট রোডের ‘ঢাকা বার্ন হাসপাতালে’ ভর্তি করেছিলেন। সেখানেই সকালে তার মৃত্যু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে তিনি ব্যাঙকের চাকরিতে যোগ দেন।
গত ২৮ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বিহঙ্গ পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে পুলিশ, সাংবাদিক, আইনজীবী, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, গৃহবধূ, ছাত্রসহ নানা পেশার ১৯ জন দগ্ধ হন।
মাসুমাকে নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল চারজনে। এর আগে ঘটনার দুই দিনের মধ্যে শরীয়তপুরের দুই যুবক নাহিদ ও রবিন এবং ৪ ডিসেম্বর ঢাকা কলেজের ছাত্র ওহিদুর রহমান বাবু ঢাকা মেডিকেলে চিকিসাধীন অবস্থায় মারা যান।
রমনা বিভাগের পুলিশের উপ কমিশনার মারুফ হোসেন সরদার জানান, তারা মাসুমার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে লোক পাঠিয়েছেন।
বিরোধী দলের দফায় দফায় অবরোধের মধ্যে সারদেশেই গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, যত্রতত্র চলছে বোমাবাজি। বিভিন্ন ঘটনায় দগ্ধ হয়ে যারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে এসেছিলেন, তাদের মধ্যে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।
