২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়া ও কুষ্টিয়ায় দুর্ঘটনায় নিহত ৩

ঢাকার আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই জন এবং কুষ্টিয়ায় ট্রাক চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। দুই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2014, 02:04 PM

Updated : 13 Oct 2022, 12:58 PM

সোমবার সকালে আশুলিয়ার মড়াগাং ব্রিজের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এবং কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাটে রশিদ এগ্রো মিলে দুর্ঘটনা দুটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম জানান, ঘন কুয়াশায় বাইপাইল থেকে ছেড়ে আসা ক্লাসিকাল পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি লেগুনার সংঘর্ষ হয়। পরে বাসটি রাস্তার পাশের তুরাগ নদীতে পরে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই এক যুবক নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও একজনের।

নিহতদের মধ্যে একজনের নাম সোহেল, বাড়ি বরিশাল। অন্যজনের পরিচয় জানাতে পারেননি ওসি।

তিনি বলেন, দুর্ঘটনায় বাস ও লেগুনার অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে আশুলিয়া ও উত্তরায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে কুষ্টিয়ার কবুরহাটে ট্রাকচাপায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

নিহত রনি আহমেদ (১৭) রশিদ এগ্রো মিলে রাজমিস্ত্রির কাজ করতেন।তিনি মিরপুর উপজেলার পোড়াদহ গ্রামের মিজান আহমেদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওই মিলের একটি চাল বোঝাই ট্রাক বের হওয়ার সময় রনিকে চাপা দেয়।

তাকে আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।