২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের: হাসিনা

বাঙালির অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বার বার বন্দী হওয়া বাবাকে দেখতে কারাগারে যাওয়া শুরু, এরপর নিজের রাজনৈতিক জীবনেও কারাবরণ করতে হয়েছে বেশ কয়েকবার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 05:50 PM

Updated : 13 Oct 2022, 12:56 PM

পুরনো খবর:

কারারক্ষীরা অপরাধীদের সহযোগী হলে কঠোর শাস্তি: প্রধানমন্ত্রী

তাই বাংলাদেশের কারাগার এবং কারারক্ষীদের ‘ভালো-মন্দের’ খবর সম্পর্কে আগেই অবগত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কারাগারের নিরাপত্তা এবং কারারক্ষীদের জীবনমানের উন্নয়নে তাদের জন্য ‘রসদ’ ভাতা চালুর আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কারাগারে কারা সপ্তাহ উদ্বোধনের পর নিজের এবং বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, “কারাগারের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের।

“সেই ভাষা আন্দোলনের আগে থেকেই জাতির পিতার কারাগারে যাওয়া শুরু। মাঝে দুই/এক বছর বাইরে থেকেছেন। ছোটবেলায় তাকে কারাগারে দেখতে আসতাম। সেই থেকে কারাগারের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠেছে।”

নিজের বন্দী জীবনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৮৩ সালের ২৩ ফেব্রুয়ারি তাকে প্রথম গ্রেপ্তার করা হয়। সেসময় প্রথমে তাকে হেয়ার রোডে এবং পরে মিন্টো রোডে রাখা হয়।

“এরপর জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের জন্য বেশ কয়েকবার অ্যারেস্ট করা হয়েছে। বেশিরভাগই হোম অ্যারেস্ট।”

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন নেতার পাশাপাশি প্রধান দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়।

ওই ১১ মাসের বন্দিত্বের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “সংসদ ভবনের একটি বাড়িতে একক বন্দী হিসাবে রাখা হয়। কারারক্ষী ছাড়া কেউ ছিল না। একেবারে সলিটারি কনফাইনমেন্ট।”

বন্দী অবস্থায় কারারক্ষীদের কাছ থেকে তাদের অসুবিধার কথা শুনেছেন বলে জানান প্রধানমন্ত্রী।

কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের জীবনমানের উন্নয়নে সরকারে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, “অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ন্যায় ভবিষ্যতে কারারক্ষীদের জন্য ‘তাজা রসদ’ ভাতা প্রবর্তন করা হবে।”

জঙ্গিদের বিষয়ে কারারক্ষীদের আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা ক্ষমতায় এসে জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা বন্ধ করেছি। জঙ্গিদের যেন আবার উত্থান না ঘটে সেজন্য তাদের অংকুরেই বিনষ্ট করতে হবে।”

জঙ্গিরা যেন কারাগার থেকে বাইরে যোগাযোগ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেদিকে খেয়াল রাখতে বলেন তিনি।

জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কারাগারে মোবাইল, মাদক  বা অন্যান্য নিষিদ্ধ দ্রব্য নিয়ে ঢোকা বন্ধে সিসিটিভি মনিটরিংসহ লাগেজ স্ক্যানার ও বডি স্ক্যানার সংগ্রহের পরিকল্পনার কথা জানান শেখ হাসিনা।

কারা মহাপরিদর্শকের অনুরোধে সাড়া দিয়ে কারারক্ষীদের জন্যও  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো ‘সাহসিকতা  পদক’ প্রবর্তনের কথা বলেন সরকার প্রধান। 

কারা সপ্তাহ উদ্বোধনের পর কারাগার প্রাঙ্গণে কয়েদিদের তৈরি পণ্য নিয়ে মেলা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে দরবারে গিয়ে বক্তব্য দেন তিনি।