কারারক্ষীরা অপরাধীদের সহযোগী হলে কঠোর শাস্তি: প্রধানমন্ত্রী
কারারক্ষীদের কেউ সন্ত্রাস বা মাদকের কারবারে জড়ালে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চলতি বছরের কারা সপ্তাহের উদ্বোধন করে তিনি বলেছেন, “সবাইকে সতর্ক করে দিতে চাই, আপনাদের মধ্যে কেউ জঙ্গি, সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীদের সহায়তা প্রদান করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’- এই স্লোগান নিয়ে এবার সারাদেশের ৬৮ কারাগারে কারা সপ্তাহ পালন করা হচ্ছে।
বন্দিদের বিষয়ে কারাগারের কর্মচারীদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা, কারারক্ষীদের উৎসাহ যোগানো, কারাগারের পরিস্থিতির উন্নয়নে কর্তৃপক্ষের পদক্ষেপ সম্পর্কে নাগরিকদের জানানো এবং সার্বিকভাবে সচেতনতা তৈরি এই কার্যক্রমের উদ্দেশ্য।
মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার ক্যাম্পাস প্যারেড মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, কেউ আইন-শৃঙ্খলার বাইরে নয়। কারারক্ষীদেরও নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
“অন্যথায়, কারাগারের মঙ্গলের জন্য গৃহীত পদক্ষেপ ব্যর্থতায় পর্যবসিত হবে।”
প্রধানমন্ত্রী সকালে কাশিমপুর কারাগারে পৌঁছালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন তাকে সেখানে স্বাগত জানান।
কাশিমপুরের প্যারেড গ্রাউন্ডে জাতীয় সংগীতের পর প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানানো হয়। এরপর একটি খোলা গাড়িতে চড়ে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী কারা বিভাগের উন্নয়নে নেওয়া বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে বলেন, “এগুলো দ্রুত বাস্তবায়ন করে কারা বিভাগকে আরো যুগোপযোগী করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”
জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা যাতে কারাগারের ভেতর থেকে জঙ্গি তৎপরতা বা সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে সেজন্য কারা নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নের ওপরও জোর দেন তিনি।
গত ২৩ ফেব্রুয়ারি কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহে যাওয়ার পথে ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে পুলিশ হত্যা করে জেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন জঙ্গি ছিনতাইয়ের পর কারারক্ষীদের ভূমিকার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। কারারক্ষীদের সহায়তায় জঙ্গিরা কারাগারের বাইরে তাদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ করেছিল বলেও গণমাধ্যমে খবর আসে।
এছাড়া চলতি মাসেই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের অস্ত্রাগার থেকে একটি চাইনিজ রাইফেল খোয়া যায়, যেটি তিন দিন পর পাওয়া যায় জেলখানার পুকুরে। দেশের বিভিন্ন কারাগারে বিভিন্ন কায়দায় মাদক সরবরাহের খবরও বিভিন্ন সময়ে গণমাধ্যমে এসেছে।
জঙ্গিদের বিষয়ে কারারক্ষীদের আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা ক্ষমতায় এসে জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা বন্ধ করেছি। আবার যেন জঙ্গিবাদের উত্থান তা ঘটে সেজন্য তাদের অঙ্কুরেই বিনষ্ট করতে হবে।”
আটক জঙ্গিরা যাতে কারাগার থেকে বাইরে যোগাযোগ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে- সে বিষয়েও কারারক্ষীদের সতর্ক করেন প্রধানমন্ত্রী।
জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী ও মাদক মামলার আসামিরা যাতে কারাগারের ভেতরে কোনোভাবে মোবাইল ফোন, মাদক বা কোনো নিষিদ্ধ দ্রব্য নিয়ে প্রবেশ করাতে না পারে, সেজন্য সিসিটিভি মনিটরিং, লাগেজ স্ক্যানার ও বডি স্ক্যানার সংগ্রহের পরিকল্পনার কথা জানান তিনি।
দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপরাধীদের তথ্যভাণ্ডার গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই ডেটাবেইজের সাথে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট অধিদপ্তরের তথ্যের সমন্বয় করে সহজেই অপরাধী বা ভুয়া পরিচয়দানকারীকে সনাক্ত করা যাবে। এ উদ্দেশ্যে কারাগারে আসা বন্দিদের একটি ডেটাবেইজ তৈরি করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
প্রধানমন্ত্রী বলেন, ‘পাপকে ঘৃণা কর, পাপীকে নয়’- এই প্রতিপাদ্য নিয়ে কারা প্রশাসন পরিচালনা করছে তার সরকার।
কারারক্ষীদের উদ্দেশে তিনি বলেন, “কারা বিভাগের প্রতিটি সদস্য বন্দি সংশোধন ও পুনর্বাসনের মহৎ পেশায় নিয়োজিত। এখানে জনকল্যাণে নিজেদের তুলে ধরার যথেষ্ট সুযোগ রয়েছে। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি পেশাগত জ্ঞানের উৎকর্ষ অর্জনের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে হবে।”
তিনি বলেন, কারাগারে আটক অপরাধীদের শৃঙ্খলার মধ্যে রাখতে হবে, যাতে কেউ কারাগারে এসে আরো বড় অপরাধী হয়ে বের না হয়।
“কারাগারে আসা বন্দিদের বন্দি হিসাবে না দেখে সমাজের সদস্য হিসেবে বিবেচনা করতে হবে। সমাজের একজন সদস্য কারাগারের পরিবেশের কারণে অপরাধী হয়ে বের হলে সমাজ আরও কলুষিত হবে।”
প্রধানমন্ত্রী কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের ১০০% পারিবারিক রেশন, ৩০ শতাংশ ঝুঁকিভাতা এবং বেশ কিছু পর্যায়ে কর্মকর্তাদের পদমর্যাদা ও বেতনক্রম বৃদ্ধির কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতো কারারক্ষীদের জন্যও রসদ ভাতা চালুর প্রতিশ্রুতি দেন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হওয়ার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, “আমি নিজেও বন্দি ছিলাম। বন্দি অবস্থায় কারারক্ষীদের সুখ-দুঃখের কথা শুনেছি।”
কারা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দিতে রাজশাহীতে কারা প্রশিক্ষণ একাডেমি ও ঢাকায় একটি কারা স্টাফ কলেজ স্থাপনের সিদ্ধান্তের কথাও তিনি তুলে ধরেন।
“কারা প্রশাসনের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি, বন্দিরা সাজাভোগ শেষে কারাগার থেকে মুক্তি পেয়ে যাতে সমাজে পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ পান সেজন্যে বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করেছি।”
আরো নতুন কারাগার নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে সরকার প্রধান বলেন, আগামী জুনের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জে স্থানান্তর করা হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জে স্থানান্তরিত হওয়ার পর এখানকার জমির প্রায় ৯ একর জায়গায় পার্ক স্থাপন করার পরিকল্পনা আছে।
“এতে পুরান ঢাকার মানুষসহ দেশের সব নাগরিক ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রতিষ্ঠিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা কারা স্মৃতি জাদুঘর’ দেখার সুযোগ পাবে।”
কারা সপ্তাহের বিশেষ প্রকাশনার মুখবন্ধে দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের কারাগারগুলোতে প্রায় ৭০ হাজার কয়েদি ও সাজাপ্রাপ্ত আসামি রয়েছে, যা ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি।
শেখ হাসিনা জানান, ১০০ বছরের পুরানো, জরাজীর্ণ খুলনা জেলা কারাগারকে সরিয়ে নিতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। সিলেট কেন্দ্রীয় কারাগারকেও আরও বড় পরিসরে অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ চলছে।
ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, চাঁদপুর, মেহেরপুর, গোপালগঞ্জ, নাটোর, নীলফামারী এবং নেত্রকোনা জেলায় নতুন কারাগার চালু করার কথাও বলেন সরকার প্রধান।
তিনি বলেন, দিনাজপুর, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ফেনী, মাদারীপুর ও পিরোজপুর জেলায় নতুন কারাগার নির্মাণের কাজ চলছে।
“চট্টগ্রাম কারাগারের আধুনিকায়নের কাজ শেষ হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঝুঁকিপূর্ণ পেরিমিটার ওয়ালের স্থলে নতুন পেরিমিটার ওয়াল নির্মাণ করা হয়েছে।”
ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে শিশুদের ডে-কেয়ার সেন্টার চালু করার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, “দীর্ঘ মেয়াদে সাজাপ্রাপ্ত এক হাজার বন্দিকে বিশেষ বিবেচনায় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে যাতে তারা সমাজে পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।”
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে কারা মহাপরিদর্শক অন্য বাহিনীর মতো কারারক্ষীদের জন্যও সাহসিকতা পদক প্রবর্তনের অনুরোধ জানান।
পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, কারারক্ষীদের সাহসিকতা প্রর্দশনে আরো উৎসাহিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর মতো ‘সাহসিকতা পদক’ প্রবর্তনের কথাও ভাবা হবে।
কারা সপ্তাহ উদ্বোধনের পর প্রধানমন্ত্রী কারাগার প্রাঙ্গণে কয়েদীদের তৈরি পণ্যের মেলা ঘুরে দেখেন।
