২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রুবেল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

পুরান ঢাকার জনসন সড়কের শাহ কামাল হোটেলে বিদ্যুত মিস্ত্রি রুবেলকে খুনের পর তার কাটা মুণ্ডু নিয়ে চাঁদা দাবির মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 01:06 PM

Updated : 25 Apr 2022, 05:08 PM

ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে চার বছর আগের এই মামলার রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তমপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে রুবেল (২৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কোদালিয়া উত্তরপাড়ার ওসমান গনির ছেলে রোমান (২৪) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দেউড়ি গ্রামের কবির বিশ্বাসের ছেলে রনি বিশ্বাস (২৪)।

তাদের প্রত্যেককে সর্বোচ্চ সাজার পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত আলম জানিয়েছেন।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১০ সালের ৬ জুন রাতে পুরান ঢাকার হোটেল শাহ কামালের নিচতলায়  রুবেলকে খুন করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে আসামিরা। পরে তার কাটা মাথা নিয়ে আসামি রোমান পাশের হোটেল মীমে গিয়ে ম্যানেজারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে বলেন,  টাকা না দিলে তাকে হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে।

রোমানকে টাকা দেওয়ার কথা বলে বসিয়ে রেখে পুলিশে খবর দেন হোটেলের ম্যানেজার। পরে পুলিশ এসে কাটা মুণ্ডুসহ তাকে গ্রেপ্তার করে। সে সময় বিষয়টি পুরান ঢাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরে বাকি দুই আসামিকেও পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী হোটেল শাহ কামালের নিচতলায় একটি ঘরে রুবেলের দেহ পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের বড় ভাই মরণ মিয়া সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার দায় স্বীকার করে আসামিরা আদালতে জবানবন্দিও দেয়।

সূত্রাপুর থানার এসআই আশিকুর রহমান ২০১০ সালের ২৯ ডিসেম্বর তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।২০১১ সালের ২১ সেপ্টেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

রাষ্ট্রপক্ষে ১৮ জন সাক্ষীর মধ্যে ১২ জনের বক্তব্য শুনে আদালত রায় ঘোষণা করে।

আসামিপক্ষের আইনজীবী মোরশেদা বেগম লাকী রায়ের পর বলেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।