২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সঙ্গীতে চট্টগ্রামে বিজয় দিবস উদযাপন

লাখো শহীদের রুক্তে অর্জিত স্বাধীনতার ৪৩তম বর্ষপূর্তিতে বিজয় দিবসের মাহেন্দ্রক্ষণকে চট্টগ্রামবাসী স্মরণ করল জাতীয় সঙ্গীতের সুরে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2014, 08:53 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

মঙ্গলবার বিকাল ৪টা এক মিনিটে নগরীর চেরাগী পাহাড় মোড়ে সমবেত শত শত নারী-পুরুষ-শিশু একযোগে গেয়ে ওঠেন ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।

পৌনে ৪টায় বোধন ও প্রমা আবৃত্তি সংগঠনের কর্মীদের বৃন্দ ‍আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় গণজাগরণ মঞ্চ, চট্টগ্রামের এ আয়োজন।

ঘড়িতে যখন ৪টা এক মিনিট তখন শিশু-কিশোর সংগঠন খেলাঘরের শিল্পীরা সম্মিলিত কণ্ঠে গেয়ে ওঠে জাতীয় সঙ্গীত।

এসময় সমবেত নারী-পুরুষ, মুক্তিযোদ্ধা, শিল্পী, সাংবাদিক ও পথচারীসহ সবায় গলা মেলায়। জাতীয় সঙ্গীত শেষে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা।

পরে গণসঙ্গীত পরিবেশন করে শিল্পী রবিন দের নেতৃত্বে উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীরা।

এরপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ও উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ-সভাপতি ডা. চন্দন দাশ, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান ও প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান।

বিজয়ের ক্ষণে জাতীয় সঙ্গীত পরিবেশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক রূপক চৌধুরী, উদীচীর সহ-সভাপতি সুনীল ধর, সিপিবি নেতা অধ্যাপক অশোক সাহা, যুব নেতা প্রিন্স রুবেল, ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সভাপতি শিমুল বৈষ্ণব, ছাত্রফ্রন্ট সভাপতি আল কাদেরী জয় ও শিক্ষিকা সালমা জাহান মিলি।

অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বোধন, প্রমা, উদীচী, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ, প্রত্যয় ৭১ ও মুক্তিযুদ্ধের চেতনা মঞ্চসহ বিভিন্ন সংগঠন।