২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সাংসদ রহিম উল্যার বিরুদ্ধে মামলা

ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা রহিম উল্যার বিরুদ্ধে ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন এক যুবলীগ নেতা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 04:17 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

সোমবার দুপুরে ফেনীর বিচারিক হাকিম খাইরুন নেছার আদালতে মামলাটি দায়ের করেন নুরুল ইসলাম ভূট্টু।

রহিম উল্যা ফেনীতে দলের কোনো পদে নেই। তবে, তিনি সৌদি আরবের জেদ্দা আওয়ামী লীগের সভাপতি। গত সংসদ নির্বাচনে মহাজোট থেকে জাতীয় পার্টির প্রার্থী দেওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট কাজী বুলবুল আহম্মেদ সোহাগ জানান, আদালত মামলাটি (পিটিশন-৩২৫/১৪) আমলে নিয়ে সোনাগাজী মডেল থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছে।

মামলার বাদী নুরুল ইসলাম ভূট্টু মামলার বরাত দিয়ে জানান, গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় সাংসদ রহিম উল্যাহর নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সোনাগাজী উপজেলার পশ্চিম অংশে সোনাপুর বাজারে রক্ষিত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে।

তারা বেশ কয়েকটি ককটেল ও হাত বোমার বিস্ফোরণ করে তারা আতঙ্ক সৃষ্টি করে ও দোকান-পাট লুট করে।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম ভূট্টু ও তার সহযোগীরা সাংসদ রহিম উল্যাহকে বাধা দিতে গেলে সাংসদ তার অস্ত্র দিয়ে ভূট্টুকে হত্যার হুমকি দেন।

এ ঘটনায় যুবলীগ নেতা সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করতে গেলে অস্ত্রধারী সন্ত্রাসীরা বাধা দেয়। এতে তিনি বাধ্য হয়ে সাংসদ রহিম উল্যাহকে (৫৭) প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ২০ জনকে আসামি করে ফেনীর বিচারিক হাকিম আদালতে মামলা (ধারা-দণ্ডবিধির ১৪৩/৪২৭/৫০৬ এবং ১৯০৮ সানের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারা) দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন নুরুল আবসার ওরফে লাছা আফসার (৫২), আবু ইউসুফ (৩১), ওমর ফারুক (৩০), সবুজ (৩৫), শেখ ফরিদ (৩৩), আবুল কালাম বাহার (৪৮), আকবর হোসেন বাসু (৩৯), জলদস্যু আরু ওরফে লম্বা আরু (৩৮) ও আবদুর রহিম খোকন (৪০)।