২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চবি খেলোয়াড় কোটা: সিংহভাগ আসনই ফাঁকা রইলো

শর্ত পূরণ না হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের খেলোয়াড় কোটায় এবার ৪৬টি আসন খালি থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 10:48 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

শনিবার চবি কেন্দ্রীয় খেলার মাঠে খেলোয়াড় কোটায় বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছুদের মাঠ পরীক্ষা (ফিল্ড টেস্ট) অনুষ্ঠিত হয়।

আগের সিদ্ধান্ত অনুযায়ী শনিবারের পরীক্ষায় শুধুমাত্র বিকেএসপি থেকে পাশ করা শিক্ষার্থীদের অংশ নিতে দিয়েছে চবি কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের প্রতিবাদে অন্যান্য শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠান থেকে পাশ করা খেলোয়াড়রা শর্ত বাতিলের দাবিতে দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে মানবন্ধন করে। এরপর তারা উপাচার্য বরাবরে স্মারকলিপিও দেন।

এ বছর খেলোয়াড় কোটায় মোট ৫৫ জন শিক্ষার্থীকে ভর্তির কথা ছিল। এ বছর থেকে ভর্তি পরীক্ষায় খেলোয়াড় কোটায় শুধু বিকেএসপি থেকে পাশ করা শিক্ষার্থীদের সিদ্ধান্ত নেয় প্রশাসন।

এই শর্তের কারণে, ৫৫ টি আসনের বিপরীতে ফিল্ড টেস্টে অংশ নেন মাত্র নয়জন শিক্ষার্থী।

খেলোয়াড় কোটায় ভর্তি কমিটির সভাপতি ও ইতিহাস বিভাগের শিক্ষক ইমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভর্তি পরীক্ষার সময়েই আমরা এ বছর থেকে কেবল বিকেএসপি থেকে পাশ করা শিক্ষার্থীদের খেলোয়াড় কোটায় নেয়ার সিদ্ধান্ত জানিয়েছি। তাই কেবলমাত্র বিকেএসপি থেকে পাশ করা শিক্ষার্থীরাই  খেলোয়াড় কোটায় ভর্তি হতে পারবে।”

বাকি আসনগুলোতে কীভাবে শিক্ষার্থী নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, “এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে জানানো হবে। এখন খেলোয়াড় কোটায় যারা শর্ত পূরণ করতে পারবে শুধু তারাই ভর্তি হতে পারবে।”   

মানববন্ধনে অংশ নেয়া চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সনদধারী খেলোয়াড় ইরফান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকেএসপি ছাড়াও দেশের অনেক স্বীকৃত প্রতিষ্ঠানে খেলা শেখানো হয়।

“তাই কর্তৃপক্ষের উচিত বৈষম্যমূলক এমন সিদ্ধান্ত থেকে সরে এসে সকল খেলোয়াড়ের মধ্য থেকে যোগ্যদের বাছাই করে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেয়া হোক ।”