২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা হওয়া উচিত: কাদেরের ছেলেকে নিয়ে অ্যাটর্নি জেনারেল

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডকে ‘হত্যাকাণ্ড’ বলায় তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার পক্ষে অবস্থান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 06:44 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

বৃহস্পতিবার কাদের মোল্লার ছেলের বক্তব্যের প্রতিক্রিয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, কাদের মোল্লার পক্ষ থেকে রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে। রিভিউ পিটিশন দায়ের করবেন-এই কথা বলে চেম্বার বিচারকের কাছ থেকে স্থগিতাদেশ নিয়েছেন। পরবর্তী দিনে এটার শুনানি হয়েছে।

“শুনানিতে আপিল বিভাগ রিভিউ পিটিশন মেরিটে শুনানি করেছেন। মেরিটে শুনানি করে তারা পূর্বের রায় পুনর্বিবেচনা করার মতো কোনো যুক্তি পাননি। কাজেই কাদের মোল্লা- সমস্ত সুযোগ তিনি পেয়েছেন।”

Image
মাহবুবে আলম

মাহবুবে আলম

অ্যাটর্নি জেনারেল বলেন, “যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে ট্রায়াল কোর্টে কাদের মোল্লা সমস্ত সুযোগ পেয়েছেন। বিস্তারিতভাবে আপিলের শুনানি হয়েছে, সেখানে সুযোগ পেয়েছেন। এই শুনানিতে আদালত সাতজন অ্যামিকাস কিউরির বক্তব্য শুনেছেন।

“সবশেষে আমরা আইনের ব্যাখ্যা দিয়ে বলেছি, রিভিউ চলবে না। তারপরও রিভিউ পিটিশন দায়ের হয়েছে। দায়েরের পর সেই পিটিশন শুনানি হয়েছে। সেই রায় সম্প্রতি প্রকাশ হয়েছে। সেই রায় পড়ার জন্য আমি কাদের মোল্লার পরিবারকে বলব।

কেন কাদের মোল্লার রায় পুনর্বিবেচনা করা যায়নি তার বিস্তারিত ব্যাখ্যা পূর্ণাঙ্গ রায়ে এসেছে জানিয়ে তিনি বলেন, “এই সময়ে তারা যে সব বক্তব্য রাখছেন, একটি মহলের প্ররোচনায় তারা এগুলি করছেন। বিচারটাকে অহেতুক প্রশ্নবিদ্ধ করতে তারা এসব বক্তব্য দিচ্ছেন। এইসবের কোনো রকম সারবত্তা নেই। মানুষকে বিভ্রান্ত করতে এই সব বক্তব্য।

“আমি তাদের বলব- কাদের মোল্লার বিরুদ্ধে যে সব সাক্ষী এসেছে, বিশেষ করে মোমেনার সাক্ষ্য, সেই সাক্ষ্য তারা যাতে পড়ে দেখেন। তাহলেই বুঝতে পারবেন, কাদের মোল্লা কতখানি অপরাধ সে সময়ে করেছেন এবং কাদের মোল্লাকে আদালত সঠিক দণ্ডই প্রদান করেছেন।”

কাদের মোল্লাকে সর্বোচ্চ দণ্ড দেওয়া না হলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ প্রত্যেকেই হতাশ হতেন মন্তব্য করে তিনি বলেন, “তারা হতাশ হতেন না হতেন সেটা বড় কথা নয়।

“আমাদের সর্বোচ্চ আদালত যে বিচার করেছেন, সেই বিচারের পরে তাকে দণ্ড প্রদান করা হয়েছে। এটাকে যদি কাদের মোল্লার পরিবার হত্যা বলে ধরে নেন তাহলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার প্রসেডিং শুরু করা উচিত বলে আমি মনে করি।”

গত বছর ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগে যুদ্ধাপরাধ মামলার প্রথম রায়ে কাদের মোল্লার যাবজ্জীবন সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। রায় প্রকাশের পর ১০ ডিসেম্বর ফাঁসি কার্যকরে উদ্যোগ নিলে কাদের মোল্লার আইনজীবীদের আবেদনে চেম্বার বিচারপতি দণ্ড কার্যকর স্থগিত করে দেন।

কাদের মোল্লাকে বাঁচাতে রায় পুনর্বিবেচনার আবেদন গ্রহণের আর্জি জানানো হয়। দ্বিতীয় আবেদনে রায় পুনর্বিবেচনা করে কাদের মোল্লার খালাসের আবেদন করা হয়।

পরে দুই দিন কাদের মোল্লার রিভিউ নিয়ে দুটি আবেদনের শুনানির পর ১২ ডিসেম্বর আদালত তা খারিজ করে দিলে ওই রাতেই ফাঁসির দণ্ড কার্যকর করা হয়।

এ নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কাদের মোল্লার ছেলেন হাসান জামিল বলেন,“আমার বাবা দুনিয়া থেকে বিদায়ের আগে জানতেই পারল না, সংবিধান অনুসারে তার রিভিউ করার অধিকার আছে কি না। যখন আইনের পূর্ণাঙ্গ আশ্রয় নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়, তখন সেটা হত্যাকাণ্ড ছাড়া আর কিছু নয়।

সংবাদ সম্মেলনে কাদের মোল্লার স্ত্রী সানোয়ার জাহানও উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

হত্যা করা হয়েছে বাবাকে: কাদের মোল্লার ছেলে