হত্যা করা হয়েছে বাবাকে: কাদের মোল্লার ছেলে
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ আদালতের আদেশে কার্যকর হওয়া ফাঁসিকে ‘হত্যাকাণ্ড’ বললেন কাদের মোল্লার ছেলে হাসান জামিল।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এসে এই বক্তব্য দেন একাত্তরে মিরপুরে কসাই কাদের নামে পরিচিতি পাওয়া এই যুদ্ধাপরাধীর সন্তান।
লিখিত বক্তব্যে কাদের মোল্লাকে ‘শহীদ কাদের মোল্লা’ নামেও কয়েকবার অভিহিত করে দেশবাসীকে এই ‘হত্যাকাণ্ডের’ বিরুদ্ধে সোচ্চার হওয়ার ডাক দেন জামিল।
তিনি বলেন, “আমার পিতাকে হত্যার ৩৪৮দিন পর আপিল বিভাগ থেক আমার বাবার দায়ের করা রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এই রায়ে রিভিউ মেইনটেইনেবল বলে সুপ্রিম কোর্ট ঘোষণা করেন। সেখানে বলা হয়, রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করা যাবে। অথচ রায় প্রকাশের সাত দিনের মাথায় তার ফাঁসি কার্যকর করা হয়।”
আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে কাদের মোল্লার রিভিউ আবেদনের শুনানির পর রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয় আদালত।
কাদের মোল্লার ছেলে বলেন, “আমার বাবা দুনিয়া থেকে বিদায়ের আগে জানতেই পারল না, সংবিধান অনুসারে তার রিভিউ করার অধিকার আছে কি না। যখন আইনের পূর্ণাঙ্গ আশ্রয় নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়, তখন সেটা হত্যাকাণ্ড ছাড়া আর কিছু নয়।
“এই সরকার আমার পিতাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেছে। এমনকি এই জালেম সরকার আমার পরিবারের সদস্যদের জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেয়নি। আমার বাবার মৃতদেহ শেষবারের মতো একবার দেখার সুযোগও দেওয়া হয়নি।
“ওই রাতে আমাদের পরিবারের ওপর হামলা হল, জেলে নেওয়া হল। এটা এতোবড় জুলুম যা অবশ্যই দেশবাসী বিচার করবেন।”
বক্তব্যের শেষে ‘অন্যায় ও জুলুমের’ বিরুদ্ধে প্রতিবাদকারী ও সহানুভূতি প্রকাশকারী দেশ ও মানবাধিকার সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাসান জামিল। বাবার গায়েবানা জানাজা আদায়কারীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
সংবাদ সম্মেলনে কাদের মোল্লার স্ত্রী সানোয়ার জাহান, দুই আইনজীবী ফরিদ উদ্দিন খান ও সাইফুর রহমান উপস্থিত ছিলেন।
গত বছর ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগে যুদ্ধাপরাধ মামলার প্রথম রায়ে কাদের মোল্লার যাবজ্জীবন সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। রায় প্রকাশের পর ১০ ডিসেম্বর ফাঁসি কার্যকরে উদ্যোগ নিলে কাদের মোল্লার আইনজীবীদের আবেদনে চেম্বার বিচারপতি দণ্ড কার্যকর স্থগিত করে দেন।
কাদের মোল্লাকে বাঁচাতে রায় পুনর্বিবেচনার আবেদন গ্রহণের আর্জি জানানো হয়। দ্বিতীয় আবেদনে রায় পুনর্বিবেচনা করে কাদের মোল্লার খালাসের আবেদন করা হয়।
পরে দুই দিন কাদের মোল্লার রিভিউ নিয়ে দুটি আবেদনের শুনানির পর ১২ ডিসেম্বর খারিজ করে দিলে ওই রাতেই কার্যকর করা হয় ফাঁসির দণ্ড।
