দুর্ঘটনায় ৩ ছাত্রী নিহত: গ্রেপ্তারদের জামিন
রাজশাহী কলেজ বাসের সঙ্গে আরেক বাসের সংঘর্ষে তিন ছাত্রী নিহতের ঘটনায় গ্রেপ্তার আরও তিন জনকে জামিন দিয়েছে আদালত।
আদালত পরিদর্শক আবুল হাসেম বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগর হাকিম শারমিন আক্তার তাদের জামিন দেন।
একইদিন সকাল ৭টার দিকে রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- ইসলাম পরিবহনের চালক আব্দুল বাতেন (৪৫), তার সহকারী ইমরান হোসেন (২৭) ও কলেজ ছাত্রীদের বহনকারী লাকি পরিবহনের চালকের সহকারী ইজাবুল (৪৫)।
এর আগে বুধবার কলেজ বাস লাকি পরিবহনের চালক আব্দুল রাজ্জাকও (৪৫) জামিনে মুক্ত হন। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর মেহেরচণ্ডী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সকালে মতিহার থানার ওসি আলমগীর হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়।
"দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় পুলিশের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।"
ওসি আলমগীর বলেন, রাজশাহীগামী ইসলাম পরিবহনের সঙ্গে ধাক্কা খেয়ে ছাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ কারণে দুটি বাসের চালক ও তাদের সহকারীদের মামলার আসামি করা হয়েছে।
গত ৭ ডিসেম্বর রাজশাহীর কাটাখালীতে ওই দুর্ঘটনায় রাজশাহী কলেজের তিন ছাত্রী নিহত ও অন্তত ১৩ জন আহত হন।
ঘটনার পর পুলিশের এসআই বাকী বিল্লাহ মতিহার থানায় মামলাটি দায়ের করেন।
