দুর্ঘটনায় ৩ ছাত্রী নিহত: বাসচালকসহ গ্রেপ্তার আরও ৩
রাজশাহী কলেজ বাসের সঙ্গে আরেক বাসের সংঘর্ষে তিন ছাত্রী নিহতের ঘটনায় এক চালকসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- ইসলাম পরিবহনের চালক আব্দুল বাতেন (৪৫), তার সহকারী ইমরান হোসেন (২৭) ও কলেজ ছাত্রীদের বহনকারী লাকি পরিবহনের চালকের সহকারী ইজাবুল (৪৫)।
মতিহার থানার ওসি আলমগীর হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
"দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় পুলিশের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।"
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় লাকি পরিবহনের চালক আব্দুল রাজ্জাককে (৪৫) নগরীর মেহেরচণ্ডী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তবে বুধবার তিনি জামিনে মুক্তি পান।
গত ৭ ডিসেম্বর রাজশাহীর কাটাখালীতে ওই দুর্ঘটনায় রাজশাহী কলেজের তিন ছাত্রী নিহত ও অন্তত ১৩ জন আহত হন।
ঘটনার পর পুলিশের এসআই বাকী বিল্লাহ মতিহার থানায় মামলাটি দায়ের করেন।
