রাজশাহীতে দুই বাসের সংঘর্ষে ৩ ছাত্রীর মৃত্যু
রাজশাহীর পবা উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর রাজশাহী কলেজের ছাত্রীবাহী গাড়ি খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।
রোববার দুপুরে উপজেলার কাটাখালি জুট মিলের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৩ ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মাহমুদা হক তানিয়া, ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী শারমিন সুলতানা ও ইতিহাস দ্বিতীয় বর্ষের বিউটি খাতুন শিমা।
গুরুতর আহতরা হলেন- ইসলামী স্টাডিজের চতুর্থ বর্ষের মুন্নি, অর্থনীতির প্রথম বর্ষের সুমি, সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষের আফিয়া, সমাজবিজ্ঞান চতুর্থ বর্ষের খালেদা, আইরিন, ইসলামী ইতিহাসের শাহিনা, মলি, সমাজকর্মের দ্বিতীয় বর্ষের আদরি, রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের ফজিলা, বোটানি শেষ বর্ষের লাবনী, রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের সেতু, অর্থনীতির দ্বিতীয় বর্ষের তুফানি ও নিলুফা ইয়াসমিন।
মতিহার থানার ওসি আলমগীর হোসেন বলেন, বেলা পৌনে ১টার দিকে রাজশাহী কলেজের ছাত্রীদের বহনকারী বাসটি পুঠিয়ার বানেশ্বর যাচ্ছিল। কাটাখালি জুট মিলের প্রধান ফটকের সামনে সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী ইসলাম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ছাত্রীদের বাসটি উল্টে রাজশাহী-ঢাকা সড়কের পাশে খাদে পড়ে যায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের টিম লিডার (হাবিলদার) মোস্তাফিজুল রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। প্রাথমিকভাবে আহতদের মধ্যে ১৮ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যাদের মধ্যে ১৬ জন ছাত্রী।
রাজশাহী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, হাসপাতালে আনার পরপরই তিন ছাত্রীর মৃত্যু হয়।
আহত ১৩ ছাত্রী এবং বাসের চালক ও তার সহকারী ওই হাসপাতালেই চিকিৎসাধীন। তারা সবাই আশঙ্কামুক্ত।
রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান বলেন, কলেজ থেকে রওনা হওয়ার সময় বাসে প্রায় ৪০ জন ছাত্রী ছিল। তালামারি, বিনোদপুর ও কাটাখালিসহ বেশ কয়েকটি স্থানে ছাত্রীদের নামিয়ে বানেশ্বরে যাওয়ার কথা ছিল বাসটির।
“কাটাখালি বাজারে ছাত্রীদের নামিয়ে বানেশ্বরের উদেশ্যে রওনা দেওয়ার পর বাসটি দুর্ঘটনায় পড়ে। তখন ঠিক কতজন বাসে ছিল তা জানতে পারিনি।”
দুর্ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি করেছে কলেজ কর্তৃপক্ষ। আগামী সাত দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
নিহত প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে প্রত্যেকের পরিবারকে আরো ২০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
অধ্যক্ষ হাবিবুর বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে আহতদের চিকিৎসা ব্যয় বহন করা হবে বলে শিক্ষামন্ত্রী তাকে জানিয়েছেন।
এদিকে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় চার দিনের শোক ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। এই চারদিন কলেজে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হবে।
সোমবার কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হবে বলে অধ্যক্ষ জানিয়েছেন।
