২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়কে ট্রাকের ধাক্কায় ঝরল ৩ প্রাণ

মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 08:31 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

রোববার বিকালে গোলড়া এলাকায় এ দুর্ঘটনার পর স্থানীয়রা প্রায় এক ঘণ্টা সড়ক আটকে বিক্ষোভ করে বলে মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান জানান।

নিহতরা হলেন- সাটুরিয়ার দোতরা গ্রামের মামুন হোসেন (১৯), বরুন্ডি গ্রামের সৈকত হোসেন (২০) ও নারায়ণগঞ্জ সদর উপজেলার হৃদয় হোসেন (১৯)।

ওসি আমিনুর বলেন, বিকাল ৫টার দিকে তিন যুবক মটরসাইকেলে করে বরুন্ডি থেকে দোতরা গ্রামে আসছিলেন। পথে গোলড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মামুন ও হৃদয়ের মৃত্যু হয়।

অপর আরোহী সৈকতকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করার পর পুলিশ গিয়ে সেখানে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা মহাসড়ক থেকে সরে যায় বলে ওসি আমিনুর জানান।

ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।