২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী কলেজ শিক্ষাথীদের বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা

দুর্ঘটনায় রাজশাহী কলেজের তিন ছাত্রী নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 07:07 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

সোমবার কলেজের সামনের সড়কে এ বিক্ষোভকালে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে লাঠিপেটা করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে কালো ব্যাচ ধারণ করে শিক্ষার্থীরা কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় তারা কলেজের নিজস্ব নতুন বাস এবং নিহত ও আহত ছাত্রীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবিতে শ্লোগান দেয়।

দুপুরে পুলিশ তাদের লাঠিপেটা করলে তারা কলেজ ক্যাম্পাসে ঢুকে যায়।

বোয়ালিয়া থানার ওসি খন্দকার নুর হোসেন বলেন, দুপুর ১টার দিকে শিক্ষার্থীদের একটি অংশ বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে সাহেববাজার জিরোপয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।

এ সময় তারা গাড়ি ভাংচুরের চেষ্টা করলে পুলিশ ধাওয়া ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর তারা ক্যাম্পাসে প্রবেশ করে।

এর আগে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিয়ে ক্যাম্পাসে অবস্থান নেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ কয়েক দফায় অনুরোধ জানায় বলে জানান ওসি।

এদিকে, কলেজ কর্তৃপক্ষের পূর্ব ঘোষণা অনুযায়ী সকল বিভাগের ক্লাশ-পরীক্ষা বন্ধ রয়েছে। কর্তৃপক্ষের ঘোষিত চারদিনের শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনে কলেজে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

সকালে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা কলেজে এসে কালো ব্যাচ ধারণ করেন।

রোববার কাটাখালিতে জুট মিলের সামনে মুখোমুখি সংঘর্ষের পর রাজশাহী কলেজের ছাত্রী বহনকারী বাস খাদে পড়ে তিন ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ১৩ ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় একদিন ক্লাশ-পরীক্ষা স্থগিতসহ চারদিনের শোক ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ।