চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার
পার্কিংয়ের স্থান বরাদ্দের আশ্বাস পেয়ে পাঁচ দিন পর ধর্মঘট প্রত্যাহার করেছেন চট্টগ্রামের অ্যাম্বুলেন্স মালিক-চালকরা।
রোববার বিকাল ৫টার দিকে এ ঘোষণা দেয়া হয় বলে চট্টগ্রাম হালকা মোটরযান অ্যাম্বুলেন্স মালিক-শ্রমিক সমন্বয় কমিটির নেতা শাহ আলম ফিরোজী জানান। গত বুধবার থেকে তারা এ কর্মসূচি চালিয়ে আসছিল।
শাহ আলম বলেন, বিকালে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের উপস্থিতিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাদের বৈঠক হয়।
“চমেক হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের গাড়ি রাখার জন্য ক্যাম্পাসের ভেতরে একটি স্থান নির্ধারণের আশ্বাস দিয়েছেন। আগামীকাল (সোমবার) এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হবে। তাই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে এবং এখন থেকেই গাড়ি চলবে।”
গত বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশ থেকে তিনটি অ্যাম্বুলেন্স আটক করে পুলিশ। অবৈধ পার্কিংয়ের অভিযোগে দুই চালকের বিরুদ্ধে মামলাও হয়।
ওই দিনই ধর্মঘট আহ্বান করে চট্টগ্রাম হালকা মোটরযান অ্যাম্বুলেন্স মালিক-শ্রমিক সমন্বয় কমিটি।
ধর্মঘটের কারণে চট্টগ্রাম মেডিকেলে সেবা নিতে আসা রোগী ও স্বজনদের ভোগান্তিতে পড়তে হয়।
ধর্মঘট চলার সময় কয়েক গুণ বেশি টাকা দিয়ে টেম্পো, সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাস ভাড়া করে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে রোগীদের হাসপাতালে আনা-নেওয়ায় বাধ্য হন স্বজনরা।
