২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ধর্মঘটে রোগীদের দুর্ভোগ

বেসরকারি মালিকানার অ্যাম্বুলেন্স মালিক-চালকদের ধর্মঘটের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চট্টগ্রামের রোগীদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 02:30 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

পার্কিং নিয়ে জটিলতায় শনিবার চতুর্থ দিনের মতো চলছে অ্যাম্বুলেন্স মালিক-চালকদের ধর্মঘট, যার ফলে গুরুতর অসুস্থদেরও এখন বিভিন্ন বাহনে করে হাসপাতালে নিতে হচ্ছে।   

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পাশের সড়ক এবং পাঁচলাইশ আবাসিক এলাকায় রাখা অ্যাম্বুলেন্স আটক ও সরিয়ে নিতে পুলিশের নির্দেশের পর বুধবার থেকে এই ধর্মঘট চলছে।

অ্যাম্বুলেন্স মালিক-চালকরা সড়কে ‍গাড়ি রাখার দাবিতে অনড়। অন্যদিকে পুলিশ বলছে, মালিকদের নিজস্ব ব্যবস্থায় রাখতে হবে যানবাহন।

এই ‍পাল্টাপাল্টির মধ্যে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও মৃতদের স্বজনদের কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে টেম্পু, অটোরিকশা ও মাইক্রোবাস ভাড়া করতে হচ্ছে।

গত ৩ ডিসেম্বর দুপুরে চমেক হাসপাতাল সংলগ্ন পপুলার ডায়গনস্টিক সেন্টারের পাশ থেকে তিনটি অ্যাম্বুলেন্স আটক করে পুলিশ। এসময় অবৈধ পার্কিংয়ের জন্য দুই চালকের বিরুদ্ধে মামলাও করা হয়।

এরপরই ধর্মঘট আহ্বান করে চট্টগ্রাম হালকা মোটরযান অ্যাম্বুলেন্স মালিক-শ্রমিক সমন্বয় কমিটি।

কমিটির নেতা শাহ আলম ফিরোজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ৩০ বছর ধরে এই সড়কেই অ্যাম্বুলেন্স অপেক্ষমান থাকে। তিন বছর আগে থেকে পুলিশের অনুরোধে এখানে শুধু চারটি গাড়ি রাখি। বাকিগুলো আবাসিক এলাকার ভেতরে থাকে।

“হঠাৎ করে কোনো ব্যবস্থা না করে পুলিশ সেখানে অ্যাম্বুলেন্স রাখতে নিষেধ করে দিয়েছে। রোগীর স্বজনরা এখানে এসেই গাড়ি খোঁজে। অন্য কোথাও গাড়ি রেখে সার্ভিস দেওয়া সম্ভব নয়।” ‍

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, সড়কে ও আবাসিক এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখা যাবে না। এটাই সিদ্ধান্ত।

চমেক হাসপাতাল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন হাসপাতালের জরুরি বিভাগে গড়ে প্রায় চারশ রোগী চিকিৎসা নিতে আসেন।

তাদের অধিকাংশই আসেন চট্টগ্রাম জেলার ১৪ উপজেলা, কক্সবাজার, তিন পার্বত্য জেলা এবং পার্শ্ববর্তী ফেনী, কুমিল্লা ও নোয়াখালী থেকে।   

বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আসা রোগীরা বিপদে আছেন।

ছেলের চিকিৎসা শেষে চমেক হাসপাতাল থেকে শনিবার সীতাকুণ্ড উপজেলার বড় দারোগহাট এলাকায় নিজ বাড়িতে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন শফিকুল ইসলাম। 

শনিবার দুপুরে শফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাড়ে তিন হাজার টাকায় মাইক্রোবাস ভাড়া করেছি। অ্যাম্বুলেন্স থাকলে ভাড়া লাগত এক থেকে দেড় হাজার টাকা।

“কিসের আন্দোলন, কিসের ধর্মঘট আমরা জানি না। কিন্তু এখন বাড়তি খরচ গুনতে হচ্ছে।”

রোগী ভোগান্তি বিষয়ে অন্দোলনকারী শাহ আলম ফিরোজী বলেন, “আমাদেরও খারাপ লাগছে। কিন্তু কী করব?”

চমেক ‍পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে যেভাবে পারছে কষ্ট করে স্বজনের লাশ নিয়ে বাড়ি ফিরছে। শুক্রবার অটোরিকশায় করে একজনের লাশ নিয়ে গেছে স্বজনরা। বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে।