২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লতিফ সিদ্দিকীর জামিন নাকচ

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন নাকচ করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 12:01 PM

Updated : 25 Apr 2022, 05:04 PM

ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর রোববার লতিফ সিদ্দিকীর আইনজীবীর করা ওই আবেদন নাকচ করে দেন।

অসুস্থ লতিফকে এদিন আদালতে হাজির না করায় বিএনপিপন্থি আইনজীবী আবেদ রাজার দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানিও পিছিয়ে গেছে। 

এ শুনানির জন্য আগামী ১৫ মার্চ নতুন দিন ঠিক করে দিয়েছেন বিচারক।

গত ২৫ নভেম্বর রাজধানীর ধানমণ্ডি থানায় আত্মসমপর্ণের পর এ মামলাতেই গ্রেপ্তার দেখিয়ে টাঙ্গাইলের সাংসদ লতিফকে কারাগারে পাঠানো হয়।

যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে হজ নিয়ে মন্তব্যের কারণে মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সদস্যপদ হারানো এই সংসদ সদস্যের পক্ষে আদালতে সেদিন কোনো আইনজীবী ছিলেন না। তার পক্ষে কোনো জামিন আবেদনও সেদিন হয়নি।

রোববার এ মামলায় অভিযোগ গঠনের ধার্য দিনে তার পক্ষে জামিনের আবেদন করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তবে লতিফকে আদালতে হাজির না করায় সে শুনানি আর হয়নি।

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় শনিবার লতিফ সিদ্দিকীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএসএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়।

গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে হজ নিয়ে এক মন্তব্যের জন্য সমালোচনার মুখে  প্রবীণ এই রাজনীতিককে মন্ত্রিসভা থেকে বাদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ থেকেও তাকে বহিষ্কার করা হয়।

লতিফ সিদ্দিকী বিদেশে থাকা অবস্থাতেই দুই ডজনের বেশি মামলা হয় তার বিরুদ্ধে। বিক্ষোভ-প্রতিবাদের মধ্যে ঢাকায় ফিরে থানায় ধরা দিলে আদালত তাকে কারাগারে পাঠায়।

পুরনো খবর:

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লতিফ সিদ্দিকী
লতিফ সিদ্দিকীর সাংসদ পদ বাতিলের রিট খারিজ
লতিফ গ্রেপ্তার- সংসদকে জানালেন স্পিকার
লতিফের মামলায় অভিযোগ গঠনের শুনানি ৭ ডিসেম্বর