লতিফ গ্রেপ্তার- সংসদকে জানালেন স্পিকার
ধর্মীয় উস্কানি দেওয়ার অভিযোগে কারাগারে থাকা আওয়ামী লীগের বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকীর বিষয়ে সংসদকে জানালেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
রোববার বিকালে সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার আদালত থেকে পাওয়া সংসদ সদস্য লতিফ সিদ্দিকী সংক্রান্ত চিঠিটি সংসদে পড়ে শোনান।
কোনো সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হলে তা নির্ধারিত ফরমে স্পিকারকে জানানোর বিধান রয়েছে। সংসদ অধিবেশন থাকলে সেই চিঠি স্পিকার সংসদে উপস্থাপন করেন। অধিবেশন না থাকলে স্পিকার এটি চিঠি পাঠিয়ে সংসদ সদস্যদের জানাবেন বলে নিয়ম রয়েছে।
গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে বিদেশ থেকে ফেরা লতিফ সিদ্দিকী গত ২৫ নভেম্বর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন।
গত ২৫ নভেম্বর আদালতে প্রিজনভ্যানে লতিফ সিদ্দিকী
পরে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে টাঙ্গাইল সমিতির এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বলেন, তিনি হজ ও তাবলিগ জামাতের ঘোর বিরোধী। এতে শ্রমশক্তি ও অর্থের অপচয় হয়।
এরপর লতিফ সিদ্দিকী বিদেশে থাকার মধ্যে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে ডজনখানেক মামলা হয়। কয়েকটিতে তাকে গ্রেপ্তারে পরোয়ানাও জারি করা হয়।
এদিকে তুমুল সমালোচনা ও ইসলামী সংগঠনগুলোর আন্দোলনের হুমকির মধ্যে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বাদ এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।
