বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লতিফ সিদ্দিকী
মন্ত্রিত্ব হারিয়ে অন্তরীণ আব্দুল লতিফ সিদ্দিকী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় অভিযোগ গঠনের শুনানির আগের দিন শনিবার বিকাল ৫টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএসএমইউ) হাসপাতালে নেওয়া হয়।
৭৭ বছর বয়সী লতিফ সিদ্দিকীকে কার্ডিওলজি বিভাগের অধীনে ভর্তি করা হয়েছে বলে হাসপাতালের পরিচালক আব্দুল মজিদ ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “তিনি (লতিফ) বুকে ব্যথা অনুভব করার কথা বলার পর কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে এসেছে।”
ওই মামলায় গত ২৫ নভেম্বর লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠায় আদালত। তারপর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
ঢাকার জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লতিফ সিদ্দিকীর বুকে রিং পরানো আছে। এরই মধ্যে তিনি বুকে ব্যথার কথা বলায় কারাগারের ডাক্তার ডাকানো হয়। ডাক্তারের পরীক্ষায় তার রক্তচাপ বেড়ে যাওয়ার বিষয়টিও ধরা পড়ে।”
এরপরই উন্নত চিকিৎসার জন্য বিএসএমএমইউ হাসপাতালে তাকে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। এখন হাসপাতালে প্রিজন ওয়ার্ডে রেখে তার চিকিৎসা চলছে বলে জানান ফরমান আলি।
আইনজীবী আবেদ রাজার করা ওই মামলায় ৭ ডিসেম্বর ঢাকার হাকিম আদালতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।
তিন মাস আগে নিউ ইয়র্কে হজ নিয়ে এক মন্তব্যের জন্য সমালোচনার সম্মুখীন প্রবীণ এই রাজনীতিককে পরে মন্ত্রিসভা থেকে বাদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দল থেকেও তাকে বহিষ্কার করা হয়।
এরপর লতিফ সিদ্দিকী বিদেশে থাকার মধ্যেই দেড় ডজন জেলায় দুই ডজনের বেশি মামলা হয় তার বিরুদ্ধে। বিক্ষোভ-প্রতিবাদের মধ্যে ঢাকায় ফিরে থানায় ধরা দিলে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ।
