লতিফের মামলায় অভিযোগ গঠনের শুনানি ৭ ডিসেম্বর
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার এক মামলায় বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করেছে আদালত।
বিএনপিপন্থি আইনজীবী এ এম এম আবেদ রাজার দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী লতিফের বিচার হবে কি-না, সে বিষয়ে আগামী ৭ ডিসেম্বর এই শুনানি হবে।
ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা রোববার অভিযোগ গঠনের শুনানির এই দিন ঠিক করে দেন।
মামলাটি মহানগর হাকিম আতিকুর রহমানের আদালত থেকে শুনানির জন্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে পাঠানোর নির্দেশ দেন তিনি।
এ মামলার আসামি টাঙ্গাইলের সাংসদ লতিফ সিদ্দিকীকে এদিন আদালতে আনা হয়নি।
মামলার বাদী আবেদ রাজা জানান, আসামিপক্ষে কোনো আবেদন হলে তা তাকে না জানিয়ে শুনানি না করতে একটি আবেদন করেছিলেন। শুনানির পর আদালত তা মঞ্জুর করেছে।
এ মামলায় গত ২৫ নভেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন লতিফ। পরে মহানগর হাকিম আতিকুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের নেতা আবেদ রাজা গত ২ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন। তার অভিযোগ ছিল, হজ নিয়ে লতিফ সিদ্দিকীর এক মন্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ওই অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বলেন, তিনি হজ ও তাবলিগ জামাতের ঘোর বিরোধী। এতে শ্রমশক্তি ও অর্থের অপচয় হয়।
বিচারক ওইদিন লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেও তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
একই অভিযোগে ফৌজদারি দণ্ডবিধির ২৯৫ (ক) ও ২৯৮ ধারায় ডজনখানেক মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়,যার মধ্যে সাতটি মামলা ঢাকার আদালতের। দুটি ধারাই জামিনযোগ্য।
দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায় অন্যের ধর্ম বিশ্বাসের অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে বিদ্বেষমূলক কোনো কাজ করলে দুই বছর পর্যন্ত জেল ও জরিমানার বিধান রয়েছে।
আর দণ্ডবিধির ২৯৮ ধারায় বলা হয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে বিদ্বেষমূলক শব্দ উচ্চারণ করলে এক বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে।
টাঙ্গাইলের প্রভাবশালী সিদ্দিকীদের জ্যেষ্ঠ ভাই ৭৭ বছর বয়সী লতিফ সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য হয়েছেন।
গত মহাজোট সরকারের পাট ও বস্ত্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন লতিফ সিদ্দিকী। শেখ হাসিনা টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর চলতি বছরের শুরুতে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে।
কিন্তু নিউ ইয়র্কে তার ওই মন্তব্যের পর আলোচনা-সমালোচনার এক পর্যায়ে ইসলামী দলগুলো আন্দোলনে নামার ঘোষণা দেয়। নিজের দলেও লতিফ নিঃসঙ্গ হয়ে পড়েন।
এরপর টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব থেকে লতিফ সিদ্দিকীকে বাদ দেওয়া হয়। দল থেকেও বহিষ্কৃত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।
ডামাডোলের এই পুরোটা সময় বিদেশেই ছিলেন ৭৭ বছর বয়সী লতিফ। যুক্তরাষ্ট্র থেকে তিনি যান ভারতে, সেখান থেকে আকস্মিকভাবে দেশে ফিরে এক দিন পর তিনি আত্মসমর্পণ করেন।
