২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লতিফ সিদ্দিকীর সাংসদ পদ বাতিলের রিট খারিজ

লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 01:00 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ সোমবার শুনানি শেষে আবেদনটি খারিজের আদেশ দেয়।

খারিজের সময় আদালত বলে, “এগুলো নির্বাচন কমিশনের বিষয়। তারাই দেখবে।”

রিট আবেদনকারী মো. ইউনুস আলী আকন্দ আদালতে নিজেই শুনানি করেন। গত ২৭ নভেম্বর দায়ের করা তার এই আবেদনে বলা হয়, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে সংসদ সদস্য হতে হলে কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের সদস্য হতে হবে বা স্বতন্ত্র হিসাবে থাকতে হবে। লতিফ সিদ্দিকী দুটির একটির মধ্যেও পড়েন না।

তিনি আওয়ামী লীগের মনোনয়নে সাংসদ নির্বাচিত হলেও এখন তিনি দলে নেই। তাই সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য পদ বহাল থাকতে পারে না বলে আবেদনে দাবি করেন এই আইনজীবী। 

গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ওই অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বলেন, তিনি হজ ও তাবলিগ জামাতের ঘোর বিরোধী। এতে শ্রমশক্তি ও অর্থের অপচয় হয়। ওই বক্তব্যের জেরে তুমুল সমালোচনা শুরু হলে অন্তত দুই ডজন মামলা হয় টাঙ্গাইলের এই সংসদ সদস্যের নামে।

এরপর লতিফকে মন্ত্রিত্বসভা থেকে অপসারণ করার পাশাপাশি আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

প্রায় দুই মাস পর দেশে ফিরে গত ২৫ নভেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন লতিফ। পরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠায় আদাল।

দল থেকে বাদ পড়ায় লতিফ সাংসদ পদে থাকতে পারবেন কি-না এ বিতর্কের মধ্যে সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ এর আগে জানিয়েছিলেন, বিদ্যমান আইন অনুযায়ী ‘ফ্লোর ক্রসিংয়ে’ না পড়ায় লতিফ সিদ্দিকীর সাংসদ পদে থাকায় সমস্যা নেই।