২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাইলস কারখানায় গ্যাস বিষক্রিয়ায় কর্মচারীর মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় একটি টাইলস কারখানায় গ্যাসের বিষক্রিয়ায় এক অপারেটরের মৃত্যু হয়েছে, অসুস্থ হন অন্তত ১২ শ্রমিক।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 06:07 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

শনিবার দুপুরে এ দুর্ঘটনায় মৃত আব্দুল আলিম (৩২) বগুড়া সদরের দাড়িয়াল গ্রামের আছির উদ্দিনের ছেলে।

অসুস্থদের মধ্যে আট জনকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ঢাকায় পাঠানো হয়েছে।

কাহালু থানার ওসি সমিত কুমার কুন্ডু জানান, কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নে ‘এবি সিরামিক’ নামের ওই টাইলস তৈরির কারখানায় ব্যবহারের জন্য কোল গ্যাস সিলিন্ডারের লাইন সংস্কার করার সময় দুর্ঘটনাবশতঃ বিষাক্ত এ গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে।

এ সময় সেখানে কর্মরত শ্রমিক ও মেকানিক্যাল অপারেটর বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন।

এদের মধ্যে মেকানিক্যাল অপারেটর আব্দুল আলিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এছাড়া ৮ জনকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও তিনি জানান।