২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ‘বন্দুকযুদ্ধে দস্যু প্রধান’ নিহত

পিরোজপুরের কাউখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘দস্যু বাহিনীর প্রধান’ নিহত হয়েছেন।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 10:10 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলা সদরের কাউখালী মহাবিদ্যালয় মাঠে এ ঘটনায় নিহত হন নাজির আহম্মেদ সবুজ (৪২)।

তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগর গ্রামের আব্দুল আউয়াল হাওলাদারের ছেলে এবং দস্যু সবুজ বাহিনীর প্রধান বলে পুলিশ জানিয়েছে।  

বরিশাল র‌্যাব-৮ এর ক্যাপ্টেন মো. বাশার জানান, র‌্যাবের একটি নিয়মিত টহলদল চারটি মোটরসাইকেলে করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে কাউখালী টহল দিচ্ছিল।

শহরের কাউখালী মহাবিদ্যালয় মাঠে ৪/৫ জনের একটি দলকে গোপন বৈবঠক করতে দেখে র‌্যাব সদস্যরা মাঠের দিকে এগিয়ে গেলে সন্ত্রাসীরা র‌্যাবের ডিএডি মো. রুহুল আমীনকে লক্ষ্য করে গুলি চালায়।

“বুলেট প্রুফ জ্যাকেট থাকায় তিনি প্রাণে রক্ষা পান।

“এরপর র‌্যাব সদস্যরা পালাটা গুলি চালালে সন্ত্রাসী দল বেশকিছু ককটেল বিস্ফেরণ ঘটিয়ে পালাতে থাকে। এ সময় র‌্যাবের গুলিতে দস্যু বাহিনীর প্রধান নাজির আহম্মেদ সবুজ ঘটনাস্থলে নিহত হন।”

পরে র‌্যাব ঘটনাস্থল ঘিরে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি কাটা রাইফেল ও কিছু গুলির খোঁসা উদ্ধার করে।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, সবুজ র‌্যাব ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। উপকূলীয় এলাকায় তার নেতৃত্বে সবুজ বাহিনী গড়ে তুলে নানা দস্যুতা চালিয়ে আসছিলেন তিনি।

রাজাপুর থানার ওসি এ জেড এম মাসুদুজ্জামান বন্দুকযুদ্ধে দস্যু সবুজ নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সবুজের বিরুদ্ধে রাজারপুর থানায় ৬টি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে। এছাড়া উপকূলীয় কয়েকটি থানায়ও তার বিরুদ্ধে মামলা আছে। তিনি পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী।

কাউখালী থানার ওসি মো. সুলতান মাহমুদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।