২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরা শহরে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 02:08 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

নিহত রুমা খাতুন (৪৫) শহরের কুখরালী গ্রামের গোলাম রসুলের স্ত্রী।

সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম রহমান জানান, শুক্রবার সকালে শহরের ইটাগাছা হাট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গোলাম রসুল ও তার স্ত্রী রুমা মোটরসাইকেলে করে তাদের দ্বিতীয় শ্রেণি পড়ুয়া ছেলেকে কোচিং সেন্টারে নিয়ে যাচ্ছিলেন। পথে শহরের ইটাগাছা হাট মোড়ে মোটরসাইকেলের চাকায় শাড়ি পেঁচিয়ে পেছনে বসা রুমা রাস্তায় পড়ে যান।

এ সময় কালিগঞ্জ থেকে আসা একটি ট্রাক চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় জনতা ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায় বলে ওসি গোলাম রহমান জানান।

তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।