২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিনের নামে সড়কের নামকরণ মনজুরের

নিজের রাজনৈতিক ‘গুরু’ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর নামে নগরীর একটি সড়ক নামকরণের ঘোষণা দিলেন বর্তমান মেয়র মনজুর আলম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 08:23 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

বুধবার দুপুরে নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

মনজুর আলম বলেন, ১৭ বছর ধরে দায়িত্ব পালন করা সাবেক সিটি মেয়র একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি আগ্রাবাদ এক্সেস সড়ক বাস্তবায়ন করেছেন।

“বাদামতলি থেকে পোর্ট কানেকটিং সড়ক পর্যন্ত আগ্রাবাদ এক্সেস সড়কের নামকরণ করা হবে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নামে।”

এবারের বিজয় দিবসে নগরীর আরেফিন নগরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি একশ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানোর কথাও জানান মেয়র।

ঈদগাঁ চৌরাস্তায় মুক্তিযোদ্ধা সরণি নির্মাণের ঘোষণা দিয়ে মনজুর বলেন, “হালিশহর সড়কটিকে ‘মুক্তিযোদ্ধাদের সড়ক’ নামকরণ করা হবে। পাশাপাশি ৪১ নম্বর ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তার নামকরণ হবে।”

২০১০ সালের ১৭ জুন সিসিসি নির্বাচনে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে বিএনপি সমর্থিত মনজুরের কাছে হেরে যান নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন।

এর আগে ১৯৯৪ সাল থেকে টানা তিনবার সিসিসি নির্বাচনে জয়ী হয়ে ১৬ বছর মেয়রের দায়িত্ব পালন করেন মহিউদ্দিন। ওই সময় মনজুর ছিলেন আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় মহিউদ্দিন গ্রেপ্তার হলে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন মনজুর।

২০১০ সালের ১৮ জুলাই মেয়র হিসেবে শপথ নেওয়ার দিনই মনজুরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগে মামলা করেন মহিউদ্দিন। তবে দুজনের ব্যক্তিগত সম্পর্কে তা চিড় ধরায়নি।

তিন মেয়াদে সিসিসি’র মেয়র থাকার সময় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্নতা অভিযানে মহিউদ্দিনের গৃহীত পদক্ষেপ অনেক নগরবাসীর কাছে প্রশংসিত হয়।

গত চার বছরে ধরে এসব খাতে মনজুরের ‘ব্যর্থতা’ নিয়ে গণমাধ্যম ও বিশেষজ্ঞরা অনেক সমালোচনা করলেও তাতে যোগ দেননি মহিউদ্দিন।

খোলামেলা মন্তব্যের জন্য রাজনৈতিক অঙ্গণে পরিচিত মহিউদ্দিন ঘরোয়া আলাপেও মনজুরের বিরুদ্ধে কোনো মন্তব্য করেন না। ‘গুরু’ মহিউদ্দিন প্রসঙ্গে মনজুরের কণ্ঠও আপ্লুত থাকে শ্রদ্ধা আর ভালবাসায়।

আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠেয় সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ার আগ্রহের কথা ইতিমধ্যে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনজুর।