২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মডেল-অভিনেতা শিমুলের জামিন

চট্টগ্রাম ক্লাবের করা প্রতারণার মামলায় জামিন পেয়েছেন মডেল ও অভিনেতা মনির খান শিমুল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 07:08 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভুঁইয়ার আদালত তার জামিন মঞ্জুর করেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান জানান, মঙ্গলবার আদালতে হাজির হয়ে অভিনেতা শিমুল জামিনের আবেদন করলে বিচারক শুনানি নিয়ে জামিন দেন।

চেক প্রত্যাখ্যাত হওয়ায় গত ১১ নভেম্বর প্রতারণার অভিযোগে শিমুলের বিরুদ্ধে আদালতে মামলা করেন চট্টগ্রাম ক্লাবের কর্মকর্তা এম আরিফুর রশিদ।

মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ২৭ ডিসেম্বর এনলাইটেন এন্টারটেইনমেন্টের স্বত্বাধিকারী হিসাবে ভিক্টরি সেলেব্রেশন নামে অনুষ্ঠানের আয়োজন করেন শিমুল।

“ভাড়া, থাকা-খাওয়া এবং সাউন্ড সিস্টেমের ভাড়া বাবদ মোট আট লাখ টাকা বিল হয়। এর মধ্যে দুই লাখ চল্লিশ হাজার ‍টাকা বকেয়া ছিল। যোগাযোগ করা হলে চলতি বছরের ১৪ জানুয়ারি তিনি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের একটি চেক দেন, যা পর্যাপ্ত তহবিলের অভাবে প্রত্যাখ্যাত হয়।”

চেক প্রত্যাখ্যাত হওয়ার পর চট্টগ্রাম ক্লাব কর্তৃপক্ষ একাধিকবার শিমুলের সঙ্গে যোগাযোগের পর লিগ্যাল নোটিসও পাঠায় হয় বলে দাবি করেন চট্টগ্রাম ক্লাবের আইনজীবী মঈন আবদুল্লাহ।

লিগ্যাল নোটিসের জবাব না পেয়ে শিমুলের বিরুদ্ধে মামলা করা হয়।

পুরনো খবর:

মডেল-অভিনেতা শিমুলের বিরুদ্ধে প্রতারণার মামলা