পার্বত্য চুক্তির ১৭ বছর: খাগড়াছড়িতে নানা আয়োজন
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ১৭ বছর পূর্ণ হওয়ার দিন নানা আয়োজনে পালন করা হয়।
এ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার পার্বত্য জেলা খাগড়াছড়িতে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
অপরদিকে চুক্তি পুরোপুরি বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।
সকাল ১০টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
উদ্বোধন অনুষ্ঠানে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পার্বত্য চুক্তির ফলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, পাহাড়ি-বাঙালির সহাবস্থান নিশ্চিত হয়েছে।
পার্বত্য চুক্তির সুফল পেতে ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোয়াই অং মারমা, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল কাজি শামছুল হক, জেলা প্রশাসক মাসুদ করিম, পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমানসহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ।
পরে জেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে কয়েকহাজার পাহাড়ি-বাঙালি নারী-পুরুষ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া জেলা আওয়ামী লীগ ও পার্বত্য জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৭ বছর পূর্তিতে শহরে আনন্দ শোভাযাত্রা, প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় শহরের চেঙ্গি স্কোয়ার মোড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
এদিকে চুক্তি পুরোপুরি বাস্তবায়নের দাবিতে শহরের চেঙ্গি স্কোয়ার লারমা চত্বরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
পাহাড়ে প্রায় দুই দশকের সংঘাত অবসানের লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর এ চুক্তি হয়। এতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষে চিফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ ও পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা স্বাক্ষর করেন।
